মামলা তুলে নিতে হুমকি, পালিয়ে বেড়াচ্ছেন বাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের শিকার সিরাজগঞ্জের বেলকুচি পৌর শহরের চালা মহল্লার দুটি পরিবার এক মাসের বেশি সময় ধরে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় করা মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। হুমকির মুখে বাদী পালিয়ে বেড়াচ্ছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আবদুল করিম ও তাঁর ভাই নূরুল ইসলাম ক্রয়সূত্রে প্রায় ২২ বছর ধরে চালা মহল্লায় ৯ শতক জায়গায় বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি ক্রয়সূত্রে এলাকার প্রভাবশালী মো. আবদুর রাজ্জাক ওই জায়গার মালিক দাবি করে তা দখলের হুমকি দেন। এ ঘটনায় নূরুল বাদী হয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা হাকিম আদালতে মামলা করেন। আদালত ৪ জানুয়ারি শুনানি শেষে ওই জায়গায় বিবাদীর প্রবেশ রহিত করে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। কিন্তু ২৭ জানুয়ারি ভোরে আবদুর রাজ্জাকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল করিম ও নূরুলের বাড়িঘরে হামলা করে। বাড়ির লোকজনকে জোর করে বের করে দেওয়া হয়। পরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। প্রায় ছয় ঘণ্টা ধরে এ ঘটনা চলে।
করিম ও নূরুল প্রথম আলোকে বলেন, ‘রাজ্জাক জাল দলিল করে তাঁদের উচ্ছেদ করতে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেন। হামলা চলাকালে পুলিশকে বহুবার ফোন করা হলেও আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। ভাঙচুর শেষ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। ওই দিনই রাজ্জাকসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে রাজ্জাকের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে।’ তাঁরা আরও বলেন, হামলার মুখে তাঁরা দুজন পালিয়ে বেড়াচ্ছেন। তাঁদের স্ত্রী ও সন্তানেরা ওই ভাঙা ঘরদোরে আছে। চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। ঘটনার এক মাস পার হলেও পুলিশ লুটপাট হওয়া মালামাল উদ্ধার করছে না।
জানতে চাইলে আবদুর রাজ্জাক ঘরবাড়ি ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, প্রকৃত পক্ষে করিম ও নূরুল ওই জায়গার মালিক নন। তাঁরা ১২-১৩ বছর ধরে সেখানে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন। তিনি এক বছর আগে স্থানীয় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি কেনেন। বারবার অনুরোধ করা হলেও দুই ভাই জমির দখল ছেড়ে দেননি। উল্টো মামলা করেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে তাঁর লোকজন করিম ও নূরুলের বাড়ি ভাঙচুর করেন। তবে মামলা তুলে নিতে হুমকি দেননি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ভাঙচুর ও লুটপাটের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মামলা হওয়ার পর দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তিনি আরও বলেন, ঘটনার সময় পুলিশের প্রস্তুত হতে দেরি হয়। এ কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।