মামলা থেকে মেয়রকে অব্যাহতির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানকে হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতির আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা দেন প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী। সোমবার দুপুরে
প্রথম আলো

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটায় পৌরসভা ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। বেলা তিনটার দিকে পৌর ভবনের বন্ধ কার্যালয়ের তালা খোলা হয়েছে, সেই সঙ্গে সেবা কার্যক্রমও চালু করা হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, হত্যাচেষ্টা মামলা থেকে মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছেন।

এদিকে দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে মামলাসংক্রান্ত বিষয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বৈঠক শেষে সাংসদ আশেক উল্লাহ রফিক প্রথম আলোকে বলেন, ‘মেয়র মুজিবের মামলার বিষয়ে সেতুমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন নেতার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাঁরা মামলার আইনগত দিক বিবেচনা করে মুজিবুর রহমানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপর আমরা জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে একই বিষয়ে আলোচনা করেছি। বেলা দুইটার দিকে পৌর ভবনে গিয়ে আন্দোলনরত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছি। ভ্রমণে আসা পর্যটক এবং স্থানীয় সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি, তাঁরা রাজি হয়েছেন।’

সাংসদ আশেক উল্লাহ রফিক প্রথম আলোকে বলেন, ‘মেয়র মুজিবের মামলার বিষয়ে সেতুমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন নেতার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’

এদিকে সংবাদ সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান বলেন, ‘থানায় করা মিথ্যা মামলা থেকে মেয়র মুজিবুর রহমানের নাম প্রত্যাহারের আশ্বাসের ভিত্তিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তা ছাড়া রাজনৈতিক স্বার্থে এবং দলের কতিপয় প্রভাবশালীচক্র উদ্দেশ্যমূলকভাবে হত্যাচেষ্টা মামলায় মেয়র মুজিবুর রহমানকে আসামি করিয়েছেন। মোনাফ সিকদারকে গুলি করার পেছনে মেয়র মুজিবের হাত নেই। এখন থেকে পৌরসভার সেবা কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চলবে।’ কর্মবিরতির কারণে টানা সাত ঘণ্টা সেবা থেকে বঞ্চিত করায় নাগরিকদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার, কাউন্সিলর সালাউদ্দিন, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামিম আকতারসহ অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে সকাল ৯টা থেকে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় করা হত্যাচেষ্টা মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে বেলা আড়াইটা পর্যন্ত জন্মসনদ, ওয়ারিশ সনদ, ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, জাতীয়তার সনদ, জন্মমৃত্যু সনদ প্রদান, জন্মনিবন্ধন কার্যক্রম সবই বন্ধ ছিল। কয়েক শ মানুষ সেবার জন্য এসে নিরাশ হয়ে বাড়ি ফিরে যান।

কক্সবাজার পৌরসভা কাযালয়ে প্রধান ফটকে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙানো ব্যানার
প্রথম আলো

গতকাল রোববার বিকেলে কক্সবাজার সদর মডেল থানার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন শহরের পেশকারপাড়ার বাসিন্দা মো. শাহজাহান। গত ২৭ অক্টোবর রাতে তাঁর ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের শুঁটকি মার্কেটে গেলে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মোনাফ সিকদার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুলির ঘটনায় নির্দেশদাতা হিসেবে মেয়র মুজিবুর রহমানকে আসামি করা হয়।

মেয়র মুজিবুর রহমানকে আসামি করার প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেল ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পুরো শহর অচল করে রাখা হয়। মুজিবের সমর্থক গোষ্ঠী ও দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশের পাশাপাশি টায়ার জ্বালিয়ে প্রধান সড়কের দুপাশের দোকানপাট বন্ধ করা হয়। সন্ধ্যার পর সমুদ্রসৈকত ও হোটেল-মোটেল জোন এলাকায় শত শত দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ করা হয়। সন্ধ্যার পর সড়কের মাঝখানে পৌরসভার ময়লার গাড়ি রেখে যাতায়াত বন্ধ করা হয়। ফলে বন্ধ হয়ে যায় দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল। মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে রাত ১০টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আজ সোমবার সকাল থেকে যানবাহন চলাচল করছে, দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে।