মামলা, দরপত্রে আটকে আছে সংস্কার কাজ

  • বিভিন্ন স্থানে কার্পেট উঠে তৈরি হয়েছে খানাখন্দ। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

  • চলতি বছরের মধ্যে কাজ শেষ করার আশা প্রকাশ করেছেন সওজ এর নির্বাহী প্রকৌশলী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলীকে মারধরের ঘটনার পর বন্ধ হওয়া বগুড়ার মোকামতলা-সোনাতলা-সারিয়াকান্দি সড়কের একাংশের সংস্কারকাজ এক বছরেও চালু হয়নি। শেষ হয়ে গেছে কার্যাদেশের মেয়াদ। দরপত্রের সংশোধন চলায় নতুন করে কাজ শুরু হতেও দেরি হচ্ছে। এমন অবস্থায় সড়কের ১৪ কিলোমিটার অংশ বেহাল হয়ে পড়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোকামতলা-সোনাতলা-সারিয়াকান্দি ২৯ কিলোমিটার সড়ক সংস্কারে ২০১৯ সালে ৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাহার এন্টারপ্রাইজ ও অনন্ত বিকাশ জয়েন্ট ভেঞ্চার। কার্যাদেশ অনুযায়ী ২০২০ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। কার্যাদেশ পেয়ে ঠিকাদার বাদল সিদ্দিকী ১৫ কিলোমিটার অংশের সংস্কারকাজ শেষ করেন।

২৯ কিলোমিটার সড়ক সংস্কারে ২০১৯ সালে ৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল

সোনাতলা উপজেলা সদরের রেলগেট এলাকায় কাজ করতে গেলে ট্যাগ কোট, বিটুমিন না দেওয়াসহ নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতারা গত বছরের ২ জানুয়ারি কাজে বাধা দেন। এ সময় কাজের দেখভালের দায়িত্বে থাকা সওজের উপবিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলামকে লাঞ্ছিত করা হয়। পরে রাফিউল বাদী হয়ে সোনাতলা থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে মামলা করেন। এতে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ ১০ নেতা-কর্মীকে আসামি করা হয়। এরপর থেকে সড়কের বাকি অংশের কাজ বন্ধ।

আবদুল মালেক বলেন, তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এটি এখন বিচারাধীন। তবে মামলার বাদী রাফিউল ইসলাম বলেছেন, মামলার কারণে কাজ বন্ধ এমনটা নয়, দরপত্রে সংশোধন আনায় কাজ শেষ হতে দেরি হচ্ছে।

দরপত্রের সংশোধনের বিষয়ে সওজ বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, পাকুল্যা থেকে সারিয়াকান্দি পর্যন্ত যমুনা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৮ ফুট প্রশস্ত রাস্তা সংস্কারের কথা ছিল। কিন্তু প্রকৃতপক্ষে বাঁধটির প্রশস্ততা ১২ ফুট। এখন ৬ ফুট রাস্তা প্রশস্ত করতে গেলে বাঁধও প্রশস্ত করতে হবে, যা আপাতত সম্ভব নয় বলে সংশোধনের কাজ চলছে। চলতি বছরের মধ্যে সংস্কারকাজ শেষ করার আশা প্রকাশ করেন আসাদুজ্জামান।

কাজ বন্ধ ও দরপত্রে সংশোধনের বিষয়ে জানতে ঠিকাদার বাদল সিদ্দিকীর সঙ্গে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

এর আগে গত বুধবার সরেজমিন দেখা যায়, মোকামতলা থেকে সোনাতলা পর্যন্ত অংশের ১৫ কিলোমিটারের সংস্কারকাজ অনেক আগে শেষ হলেও বিভিন্ন স্থানে কার্পেট উঠে খানাখন্দ তৈরি হয়েছে। ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

সংস্কারকাজ বাকি আছে সোনাতলার পাকুল্যা থেকে সারিয়াকান্দি পর্যন্ত ১৪ কিলোমিটার অংশে। সড়কের এই অংশ দিয়েও প্রতিদিন অসংখ্য অটোরিকশা ও ভ্যান চলাচল করে। ভ্যানচালক ইদরিস আলী বলেন, ‘সড়কের ম্যালা জাগাত ভ্যাঙ্গে গেচে। রাতে অন্ধকারে ভ্যান লিয়ে সড়কত চলাচল করা যায় না।’ পাকুল্যা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, বেহাল সড়কে ট্রাকচালকেরা পণ্য পরিবহন করতে চান না। পরিবহন সমস্যার কারণে বাইরের ব্যবসায়ীরা এখান থেকে পণ্য কেনায় আগ্রহী নন। এতে ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা।