মামলা সিআইডিতে, পুকুর থেকে প্রতিমার গদা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পবিত্র কোরআন অবমাননা মামলার প্রধান আসামি ইকবালকে গত শনিবার আদালতে নেওয়া হয়
ফাইল ছবি

কুমিল্লা নগরের নানুয়া দিঘির উত্তর পাড়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (অপরাধ-পূর্ব) জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

মামলা সিআইডিতে স্থানান্তরের পর গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেনকে গতকাল রোববার রাত সাড়ে এগারোটার দিকে কুমিল্লা নগরের দারোগাবাড়ি মসজিদ ও মাজার এলাকায় নিয়ে যান পুলিশের সদস্যরা। এই সময় সিআইডি, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা–পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে নেওয়ার পর ইকবাল হোসেন জানান, ঘটনার সময় (১২ অক্টোবর রাতে) পূজামণ্ডপের প্রতিমা থেকে গদাটি কাঁধে করে এনে তিনি প্রথম দারোগাবাড়ি মাজার ও মসজিদের পুকুরে ফেলে দেন। কিন্তু বাঁশের তৈরি গদাটি পানিতে না ডুবে ভাসতে থাকে। এক পর্যায়ে ইকবাল সেটি পানি থেকে তুলে এনে মাজারের দক্ষিণ পাড়ের একটি বাসার পাশে ফেলে চলে যান।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, ইকবালকে নিয়ে গদা উদ্ধার করা হয়েছে। মামলা সিআইডিতে নেওয়া হয়েছে।

১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরের নানুয়া দিঘির পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত পূজামণ্ডপ থেকে পবিত্র কোরআন উদ্ধার করা হয়। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা নগরের চারটি মন্দির, সাতটি পূজামণ্ডপে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া জেলার সদর দক্ষিণ, দেবীদ্বার ও দাউদকান্দিতে প্রতিমা ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন শরিফ অবমাননা করার অভিযোগে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে প্রাথমিকভাবে শনাক্ত করে। গত শুক্রবার রাতে কক্সবাজারের সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৯৯৯ নম্বরে ফোন করা ইকরাম হোসেন ও নগরের দারোগাবাড়ি শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.) মাজারের দুই কর্মীকে আটক করা হয়। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তাঁরা সাত দিনের রিমান্ডে রয়েছেন।