আওয়ামী লীগের মতো খুলনা মহানগর বিএনপিতে এত দ্বন্দ্ব-সংঘাত নেই। দলটির নেতা-কর্মীদের মাথাব্যথা ৫ জানুয়ারির আগে দায়ের হওয়া ৯০টি মামলা নিয়ে। এদিকে মামলা নিয়ে হাঁসফাঁস, অন্যদিকে আন্দোলনে ব্যর্থতায় হতাশার কারণে নিস্তেজ হয়ে পড়েছেন বিএনপির এখানকার নেতা-কর্মীরা।
দলটির খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁদের দাবি, ৫ জানুয়ারির আগে দল ও জোটের কর্মসূচিতে খুলনায় বিএনপির নেতা-কর্মীরা বেশ সক্রিয় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন ঠেকাতে না পারায় এবং ৫ জানুয়ারির পরদিন থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব হঠাৎ চুপ মেরে যাওয়ায় দিকনির্দেশনাহীন মাঠের নেতা-কর্মীরা হতাশায় নিমজ্জিত হন। তার ওপর ৫ জানুয়ারির আগে হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খুলনা মহানগরের বিভিন্ন থানায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৯০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি সহস্রাধিক নেতা-কর্মী। এখন মামলা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
শুধু মহানগরেই নয়, এর বাইরে রূপসা, তেরখাদা, দাকোপ, বটিয়াঘাটা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের একই দশা বলে জানিয়েছেন দলের রূপসা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান। তিনি বলেন, নির্বাচনের পর কেবল তাঁর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে। পুলিশের ভয়ে অনেকে নিজ বাড়িতে ঘুমাতে পারেন না। তাঁকে ‘ক্রসফায়ারে’ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় তাঁরা আর মিছিল-সমাবেশে যেতে সাহস পাচ্ছেন না।
অবশ্য মহানগরের নেতারা দাবি করেন, এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে মহানগর কমিটি। কিন্তু মহানগর কমিটিতে সভাপতি নজরুল ইসলামের কর্তৃত্ব থাকায় এই পুনর্গঠন উদ্যোগকে কেন্দ্র করে কারও কারও মধ্যে সন্দেহ-সংশয়ও আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, ২০০৯ সালের ২৫ নভেম্বর খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। এতে নজরুল ইসলাম সভাপতি ও মো. মনিরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মনিরুজ্জামান খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর সাংগঠনিক কাজে তেমন সময় দিতে পারেন না। তাঁর কাজ চালিয়ে নিতে সক্রিয় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। কিন্তু তারিকুলের এ তৎপরতা দলের সভাপতির পছন্দ নয়। তাই পুনর্গঠনের নামে তারিকুলকে কোণঠাসা করা হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন। এসব নেতার দাবি, গঠনতন্ত্রে পুনর্গঠনের কোনো সুযোগ নেই। তার ওপর বর্তমান কমিটি ২১ মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তাই সম্মেলন না করে পুনর্গঠনের নামে কমিটির সভাপতির কর্তৃত্ব আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। এ নিয়ে ভেতরে ভেতরে কিছুটা অস্বস্তিও আছে।
এ ব্যাপারে জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ‘দলে কাজ করতে গেলে কিছু সমস্যা থাকবেই। তবে সে সমস্যা অতিষ্ঠের পর্যায়ে পৌঁছায়নি।’
আর নজরুল ইসলাম দাবি করেন, যে অস্বস্তি বা শঙ্কার কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। খুলনা বিএনপির সাংগঠনিক অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। তাঁরা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটিগুলোকে সক্রিয় করা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন।