মামলার জালে আটকে আছে লক্ষ্মীপুরের ৯ ইউপির নির্বাচন
সীমানাসংক্রান্ত জটিলতার মামলার কারণে লক্ষ্মীপুরের ৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ১১ বছর ও ১টি ইউপিতে ৬ বছর ধরে নির্বাচন হচ্ছে না। এসব ইউপিতে আগের নির্বাচিত চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময়ে নির্বাচন না হওয়ায় এসব ইউপির জনপ্রতিনিধিরা নাগরিকদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নির্বাচন না হওয়া ইউপিগুলোর মধ্যে আছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা, দালাল বাজার, দক্ষিণ হামছাদী, বাংগাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ এবং কমলনগরের তিন ইউপি সাহেবেরহাট, চরকালকিনি ও পাটওয়ারীহাট। সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ২০১৬ সালে সর্বশেষ নির্বাচন হয়। এ ছাড়া অন্য আট ইউপিতে সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালে।
জেলার একজন নির্বাচন কর্মকর্তা বলেন, সীমানাসংক্রান্ত জটিলতা ছাড়াও এসব মামলা বিভিন্ন কারণে হয়েছে। এগুলো ততটা জটিল কিছু নয়। মামলাগুলো আদালতে নিষ্পত্তি হতে বিলম্বিত হচ্ছে বলেই নির্বাচন হচ্ছে না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) লক্ষ্মীপুর শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। কোনো কোনো জায়গায় চেয়ারম্যান পদ আঁকড়ে থাকার জন্য মামলা করিয়ে জটিলতা বাড়ানো হয়েছে। এ জন্য সরকারকেই মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। নির্বাচন না হওয়ায় নাগরিকেরা অধিকারবঞ্চিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময়ে ভোট না হওয়ায় এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা একক আধিপত্য বিস্তার করে চলছে। আবার কোনোটিতে জনপ্রতিনিধির মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও ঠিকমতো পরিষদে আসেন না। ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের কয়েক লাখ নাগরিককে।
চররুহিতা ইউপির বাসিন্দা মো. ফারুক বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছেই না, এমনকি সন্তানদের জন্মনিবন্ধন নিতেও ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন উৎসব কিংবা দুর্যোগের সময় অন্য ইউনিয়নের মতো সরকারি সহায়তা থেকেও তাঁরা বঞ্চিত হন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এ সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা।
দালাল বাজার ইউপির বাসিন্দা আবদুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা দায়িত্ব পালন করায় তাঁদের জবাবদিহির সুযোগ কম থাকছে। ফলে এসব এলাকার নাগরিকেরা প্রত্যাশিত সেবা পাচ্ছে না।
বাংগাখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। তবে তাতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে না। সব সময় নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছি।’
দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ‘নির্বাচন হলে কোনো সমস্যা নেই। সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এখানে আমার কোনো হাত নেই। ইউনিয়নের মানুষ শান্তিতে রয়েছে। অসুবিধা তো নেই।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আদালতের নিষেধাজ্ঞার কারণে ইউনিয়নগুলোতে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। মামলা থাকায় সেখানে নির্বাচনের উদ্যোগ নেওয়াটা ইসির এখতিয়ারের বাইরে। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নেবেন বলে জানান তিনি।