নানা আয়োজনে পালিত হলো সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী। গতকাল শনিবার মানিকগঞ্জ ও ফরিদপুরে কর্মসূচি পালনের মাধ্যমে তাঁদের স্মরণ করা হয়েছে।
কর্মসূচিতে তারেক-মিশুক নিহত হওয়ার ঘটনায় করা মামলার দ্রুত নিষ্পত্তি ও দোষী বাসচালকের সর্বোচ্চ সাজার দাবি জানানো হয়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় থেকে মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন তারেক, মিশুকসহ অন্যরা। ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে তারেক-মিশুকসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় ঘিওর থানায় বাসচালক জামির হোসেনকে আসামি করে মামলা হয়। গ্রেপ্তারের পর জামির ওই বছরের ১৭ নভেম্বর থেকে জামিনে মুক্ত আছেন। বর্তমানে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।
পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১০টায় দুর্ঘটনাস্থল জোকায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে ফল ও ফুলের গাছ রোপণ করা হয়। সাড়ে ১০টায় স্মৃতিস্তম্ভের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, মানিকগঞ্জ প্রেসক্লাব, বেসরকারি সংগঠন বারসিক, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার, শোলধারা অগ্রগতি সংঘ, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ, উত্তরণ ও প্রথম আলো বন্ধুসভা যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, মামলায় আদালতে অভিযোগ গঠনের প্রায় চার বছরে ৩৯ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৬ জনের শুনানি হয়েছে। বিচারিক কার্যক্রমের এই ধীরগতিতে তাঁরা হতাশ। দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ শেষ করে আসামি বাসচালকের সর্বোচ্চ সাজার দাবি জানান তাঁরা।
বিকেলে মানিকগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় সাংস্কৃতিক সংগঠন সাবিসের মিলনায়তনে আলোচনা সভা হয়। সন্ধ্যায় তারেক মাসুদ নির্মিত মাটির ময়না চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
তারেকের গ্রামের বাড়িতে কর্মসূচি: ফরিদপুর অফিস জানায়, তারেকের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়ও নানা কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় ভাঙ্গা পৌরসভার নুরপুরে পারিবারিক কবরস্থানে তারেকের সমাধিতে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও ভাঙ্গা কে এম কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তারেকের মা নুরুন্নাহার মাসুদ উপস্থিত ছিলেন। তারেকের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল নয়টা থেকে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে শিশু ও কিশোর সমাবেশ, হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় তারেক মাসুদের জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার রাইট ট্র্যাক কিন্ডারগার্টেনে তারেক মাসুদের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা উঠোন।