মামলার বাদীর বাবা লুৎফরকে নিজ জিম্মায় যাওয়ার নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণের অভিযোগে সিআইডির তিন সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলার বাদী জাহাঙ্গীর আলমের বাবা লুৎফর রহমানকে নিজ জিম্মায় যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন লুৎফর। শনিবার লুৎফরকে উদ্ধার করে চিরিরবন্দর থানা–পুলিশ।

রোববার দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চিরিরবন্দর-৪) আদালতে হাজির করলে বিচারক শিশির কুমার বসু মামলার বাদীর বাবা লুৎফরকে নিজ জিম্মায় যাওয়ার নির্দেশ দেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নিজ বাড়িতে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, স্ত্রী ও সন্তানকে অপহরণের ঘটনায় আতঙ্কিত হয়ে আত্মগোপনে ছিলেন লুৎফর রহমান। পরে চিরিরবন্দর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে আমাদের কাছে দিলে আদালতের মাধ্যমে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে তিনি বাড়ি ফিরে গেছেন।’ লুৎফরকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা লুৎফরকে তেমন কিছু জিজ্ঞাসাবাদ করতে পারিনি। কারণ তিনি অসুস্থ ছিলেন।’

মামলার বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জানান, ‘আমরা তদন্তের শেষ পর্যায়ে আছি। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’

এ ঘটনায় সিআইডির তিন কর্মকর্তার মধ্যে এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হককে শনিবার বেলা তিনটায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মামলায় মোট ছয়জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মামলায় মোট ছয়জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় হওয়া মামলা সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৯টায় সিআইডির তিন সদস্য ফসিহ উল আলম পলাশ নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামে লুৎফর রহমানকে ধরতে যান। লুৎফরকে না পেয়ে তাঁরা বাড়ির আসবাব তছনছ করে তাঁর স্ত্রী ও ছেলেকে বাড়ি থেকে তুলে নেন।

পরে সিআইডির সদস্যরা মুঠোফোনে লুৎফর রহমানের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন। স্বজনেরা মুক্তিপণের টাকা নিয়ে দিনাজপুরের দশমাইল এলাকায় এলে স্থানীয় জনতা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে অপহরণের শিকার জাহাঙ্গীর আলম নিজেই চিরিরবন্দর থানায় মামলা করেন।

ওই মামলায় রংপুর সিআইডির এএসপি মো. সারোয়ার কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হকসহ ১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন লুৎফর।