মামাতো ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এক নারীকে ধর্ষণ করেছে সাত দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় গতকাল বুধবার তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার নারীর (৩৫) ভাষ্যমতে, তাঁর তিনটি সন্তান। তাদের নিয়ে যশোর শহরে এক ভাড়া বাসায় থাকেন। ওই দিন রাত আটটার দিকে মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাসা থেকে শার্শা উপজেলার ভবানীপুরে খালাতো বোনের বাড়ি যাচ্ছিলেন। নাভারণ-সাতক্ষীরা সড়কের কুচেমোড়া নামক স্থানে মোটরসাইকেল পৌঁছালে আট-দশজন দুর্বৃত্ত দড়ি টানিয়ে পথরোধ করে। পরে তাঁদের দুজনকে ধরে অদূরে নির্জন স্থানে নিয়ে মামাতো ভাইকে পিঠমোড়া করে বাঁধে। বাঁধে চোখ-মুখও। এরপর তারা ওই নারীকে ধর্ষণ করে।
ওই নারীর দাবি, দুর্বৃত্তরা পরস্পরকে ডাকাডাকি করার সময় হাতকাটা রাজু, আরিফ, লতিফ বাবু—এই নামগুলো শুনেছেন তিনি। দুর্বৃত্তরা মোটরসাইকেল ও তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি আরও বলেন, রাত আড়াইটার দিকে বাঁধন খুলতে সক্ষম হলে তাঁর ভাই তাঁকে উদ্ধার করে সড়কে নিয়ে ওঠান। পরে একটি ট্রাক থামিয়ে প্রথমে স্থানীয় এক ক্লিনিক ও সেখান থেকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল দুপুরে তাঁকে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে।
ওই হাসপাতালের চিকিৎসক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল বেলা একটার দিকে ওই নারীকে এখানকার জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরে ধর্ষণের আলামত ছিল। শারীরিক অবস্থা ছিল খুবই খারাপ। উচ্চমাত্রায় জ্বর, বমি ও তলপেটে প্রচণ্ড ব্যথার কারণে তাঁকে পরে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম বলেন, ওই ঘটনায় গতকাল সন্ধ্যায় নারী নির্যাতন ও দমন আইনে একটি মামলা করেছেন মেয়েটির ভাই। মামলায় হাতকাটা রাজু নামের একজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা চলছে।