মামার নির্বাচন দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুর সদর উপজেলার রাজতি গ্রামের শাওন ব্যাপারী (২৮) থাকেন সৌদি আরবে। কয়েক দিন আগে গ্রামে ফিরেছেন। মামা ফারুক মুন্সি শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বুধবার সকালে মামার নির্বাচন দেখতে চিতলিয়ায় আসেন তিনি। বিকেলে সদরের আংগারিয়া বাইপাস এলাকায় পথচারীর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারান শাওন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্র জানায়, বুধবার শরীয়তপুর সদরের চিতলিয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফারুক মুন্সি। তাঁর ভাগ্নে মাদারীপুর সদরের রাজতি গ্রামের সোনা মিয়া ব্যাপারীর ছেলে শাওন ব্যাপারী বুধবার সকালে নির্বাচন দেখার জন্য চিতলিয়ার কাশিপুরে আসেন।

শাওনের মামা আতাউর রহমান মুন্সি বলেন, ‘শাওন নির্বাচনের পুরোটা সময় কেন্দ্রে কাটিয়েছিল। সন্ধ্যার আগে আমার বোনের সঙ্গে দেখা করতে মনোহর বাজার এলাকায় যাচ্ছিল। আংগারিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। নির্বাচনে আমার ভাই পরাজিত হয়েছে। তা নিয়ে সবার মন খারাপ ছিল। এমন পরিস্থিতিতেই তার মৃত্যুর সংবাদ পেতে হলো। আমরা এখন ওর মাকে কী জবাব দেব?’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেল নিয়ে কাশিপুর থেকে মনোহর বাজার এলাকায় যাচ্ছিলেন শাওন। আংগারিয়া বাইপাস এলাকায় এক পথচারীরর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। মোটরসাইকেল নিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয় তাঁর। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত পথচারীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, মামার নির্বাচন দেখতে এসে দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনার। দুর্ঘটনার বিষয়ে মামলা করা হবে।