সিলেটের গোয়াইনঘাটে মা ও দুই শিশুকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় গৃহকর্তা হিফজুর রহমানকে (৩৫) উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত তিনজন হলেন গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তাঁর ছেলে মিজান (১২) ও মেয়ে তানিশা (৩)। মামার বাড়িতে থাকায় বেঁচে গেছে হিফজুর রহমানের মেজ ছেলে আফছান (৫)।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, হিফজুর মামার বাড়িতে মায়ের সম্পত্তির একটি অংশ নিয়ে থাকতেন। জমিজমা নিয়ে বিরোধ থাকায় মামার সঙ্গে বনিবনা ছিল না তাঁর পরিবারের। তবে অন্য প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আজ সকালে প্রতিবেশীরা হিফজুরের ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ পান। তবে ডাক দিলেও কেউ সাড়া দিচ্ছিলেন না। এ সময় প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে খাটের ওপর তিনজনের রক্তাক্ত লাশ ও হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং হিফজুরকে হাসপাতালে পাঠায়। হতাহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার জখম আছে।
নিহত আলিমা বেগমের বাবা আইয়ুব আলী বলেন, মেজ নাতি আফছান বর্তমানে তাদের বাড়িতে আছে। শিশুটিকে মা ও ভাইবোনের মৃত্যুর খবর জানানো হয়নি। সে ওই বাড়িতে থাকলে সে–ও জীবিত থাকত না।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে। সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিবেশী, স্বজনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত হিফজুর শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।