মারজানের বাবা দুই সপ্তাহ ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ‘অপারেশন কমান্ডার’ হিসেবে পুলিশের দাবি করা নুরুল ইসলাম ওরফে মারজানের বাবা নিজাম উদ্দিনের খোঁজ দুই সপ্তাহেও মেলেনি। ১৫ আগস্ট রাতে সাদাপোশাকের কয়েকজন লোক এসে মোটরসাইকেলে করে পাবনা সদরের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিজাম উদ্দিন দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকায় তাঁর পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
গতকাল রোববার বিকেলে পাবনা সদরে হিমাইতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে মারজানদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান ফটক বাইরে থেকে আটকানো। ভেতরে কেউ নেই। পাশে সেলাইয়ের মেশিন নিয়ে কাজ করছেন কয়েকজন ব্যক্তি। এগিয়ে যেতেই তাঁরা জানান, বাড়িতে কেউ নেই। মারজানের মা সালমা খাতুন শহরে তাঁর বাবার বাড়িতে গেছেন।
প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে কথা বলার মাঝেই বাড়ি ফিরে আসেন সালমা খাতুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এক ছেলের জন্যি আমার সব শ্যাষ হয়া যাচ্ছে। ও অপরাধ করলি শাস্তি হোক। কিন্তু উয়ের বাপেক খোঁজটা আমরা জানবের চাই।’