মারধরে আহত ছেলের মৃত্যু, বাবা গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে মারধরের শিকার মিজান আকন (২২) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ওই তরুণের বাবা হারুন আকনকে (৫৯) আজ বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
হারুন আকনের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে। এ ঘটনায় মিজান আকনের স্ত্রী ফাতিমা বেগম (২০) বাদী হয়ে হারুন আকনসহ চারজনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় হত্যা মামলা করেছেন।
মিজান আকন গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক বিরোধের জের ধরে ৪ মে বাবা, চাচা ও বড় ভাই মিলে মিজান আকনের ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান আকন তাঁদের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি কেটে ভিটি প্রস্তুত করছিলেন। এ নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ৪ মে মিজান আকনের ওপর সন্ধ্যায় ও রাতে দুদফা হামলা হয়। এ সময় তাঁকে বাবা হারুন আকন, চাচা নূর আলম আকন ও নূর হোসেন আকন এবং বড় ভাই জাকারিয়া আকন মারধর করেন। তবে এ হামলা ও মারধরে তেমন কোনো জখম না হওয়ায় স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা নেন মিজান। ১০ মে রাতে দুইবার বমি করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তী সময়ে মিজান আকনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে গতকাল মঙ্গলবার সকালে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৪টা ২০ মিনিটে মিজান আকনের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হারুন আকনকে আজ বুধবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।
এই ঘটনায় মিজান আকনের স্ত্রী ফাতিমা বেগম বাদী হয়ে তাঁর শ্বশুর হারুন আকনসহ চারজনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার সকালে হারুন আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিজানের শ্বশুর কবির হোসেন খান প্রথম আলোকে বলেন, বছরখানেক আগে তাঁর মেয়েকে মিজানের সঙ্গে বিয়ে দেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই মিজান শ্বশুরবাড়িতে থাকতেন। বর্তমানে মিজানের বাবার ঘরের পাশেই ভিটি তৈরি করার জের ধরে ওই মারধরের ঘটনা ঘটে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ আহমেদ আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। পরবর্তী সময়ে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হারুন আকনকে আজ বুধবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, মিজান আকনের স্ত্রী ফাতিমা বেগমের দায়ের করা হত্যা মামলায় তাঁর শ্বশুর হারুন আকনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত চলছে।