মারমা ভাষার প্রথম চলচ্চিত্র ‘তংস্মাসে’র প্রিমিয়ার শো হলো বান্দরবানে
বান্দরবানে মারমা ভাষার প্রথম চলচ্চিত্র ‘তংস্মাসে’র (গিরিকন্যা) প্রিমিয়ার শো গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। দর্শকদের পিনপতন নীরবতা আর হঠাৎ হঠাৎ নীরবতা ভেঙে উল্লাসের মধ্য দিয়ে শো শেষ হয়। মারমা তরুণ-তরুণীরা নিজেদের ভাষায় সিনেমা দেখে অভিভূত। ভালো-মন্দের হিসাব পাশ কাটিয়ে মারমা ভাষায় যে সিনেমা বানানো সম্ভব হলো, সেটাতেই খুশি তাঁরা।
বান্দরবান জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলনায়তনে প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও চলচ্চিত্র পরিচালক প্রদীপ ঘোষ। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রের কাহিনিকার মং উষা থোয়াই মারমা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। চলচ্চিত্রটি আগামীকাল রোববার ও পরশু সোমবার বিকেলে একই মিলনায়তনে প্রদর্শিত হবে।
এই সিনেমার গল্প সমাজসচেতন প্রতিবাদী এক মারমা তরুণীকে ঘিরে। মারমা সমাজের নিত্যদিনের সামাজিক বাস্তবতাকে এই চলচ্চিত্রে তুলে ধরেছেন পরিচালক। এই জন্য দর্শকসারিতে উপস্থিত মারমা তরুণ-তরুণীদের উচ্ছ্বসিত দেখা গেছে।
তংস্মাসে বা গিরিকন্যা হিসেবে অভিনয় করেছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার ছাত্রী এমেপ্রু মারমা। চলচ্চিত্রে এটি তাঁর প্রথম কাজ।
এই চলচ্চিত্রের নির্মাতা মং উষা থোয়াই মারমা একজন প্রবীণ চিকিৎসক। তিনি বলেন, একজন চিকিৎসক ও সাধারণ বাসিন্দা হিসেবে পাহাড়ি সমাজের অবক্ষয়গুলো তিনি কাছ থেকে দেখেছেন। এসব বাস্তবতা তুলে ধরে সমাজে একটি বার্তা পৌঁছে দিতে ছবিটি বানিয়েছেন বলে জানান। আর এর মধ্য দিয়ে মারমা ভাষার প্রথম চলচ্চিত্র বানিয়ে ইতিহাস গড়েছেন তিনি।