‘মার্কা দেখি ভোট দিবার নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। শেষ মুহুর্তে জমে উঠেছে প্রচারণাও। পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। গঙ্গাচড়া বাজার
প্রথম আলো

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের ব্যবসায়ী রুহুল কুদ্দুস। এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেমন প্রার্থীকে ভোট দেবেন? জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘হামার এলাকাত ভালো মানুষ, ডাকলে যায় ছুটি আসপে, খোঁজখবর নিবে—এমন প্রার্থীকে এবার হামরা ভোট দিমো। তবে মার্কা দেখি ভোট দিবার নই।’

শুধু রুহুল কুদ্দুস নয়, ভোটাররা অনেকে এবার প্রতীক দেখে নয়, ভালো প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ইউপির বিভিন্ন এলাকা ঘুরে এসব তথ্য জানা যায়। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী মাঠে আছেন। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অনেকটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। ভোটাররাও বিভক্ত হয়ে পড়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, নৌকা প্রতীকে দলীয় প্রার্থী মাজহারুল ইসলাম। দলের বিদ্রোহী প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান সুমন আলম আবদুল্লাহ (ঘোড়া) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজার রহমান (মোটরসাইকেল)। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার রহমান (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরিফুল ইসলাম (হাতপাখা) প্রার্থী রয়েছেন।

গঙ্গাচড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে জটলা করে অনেকে গল্প করছিলেন। ভোট নিয়ে কী ভাবনা? জিজ্ঞেস করলে তাঁরা বলেন, এবার ভোটাররা ভাগ হয়ে পড়েছেন। তাই প্রতীকটা মুখ্য ব্যাপার নয়। ব্যক্তি দেখে মানুষজন ভোট দেবেন।

ব্যবসায়ী নিরঞ্জন রায় বলেন, ‘হামার অ্যাটে মানুষজন ভালোই আছলো। কিন্তু ভোটোত আসিয়া ভাগ করি ফেলাইছে। একই দলোত (আওয়ামী লীগের) তিনজন প্রার্থী। তাইলে মার্কার দাম থাকিল না।’

বাজারের মুদিদোকানদার সাজু মিয়া বলেন, ‘হামরা ভালো মানুষ দেখি ভোট দিমো।’
দুপুরে জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার রহমান গঙ্গচড়া বাজারে প্রচারণা চালাচ্ছিলেন। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর ও শান্ত থাকলে জাতীয় পার্টির বিজয় হবে।

মৌলভীবাজার এলাকায় গিয়ে দেখা গেল, ভোটাররা আলোচনা করছেন কোন এলাকায় কোন প্রার্থীর অবস্থান ভালো। সেখানে কৃষক অলিয়ার মিয়া বলেন, ‘মার্কা দিয়া লাভ নাই, মানুষ দেখা লাগবে। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো, তাঁর ভালো হইবে।’

এলাকার আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থিতা প্রত্যাহারের আগে ইউনিয়নের সর্বত্র কিছুটা উত্তেজনা ছিল। এখন সেই উত্তেজনা অনেকটা কমে এসেছে। দলীয় প্রভাব বিস্তার খুব একটা হবে না বলে ধারণা করছেন তাঁরা। নির্বাচনী পরিবেশ ভালো থাকার কথা।

গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়নুল হক বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগও পাওয়া যায়নি।