মাস্ক পুনর্ব্যবহার করতে বরিশাল মেডিকেলে ইউভি স্টেরিলাইজার স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাস্ক জীবাণুমুক্ত করে পুনরায় ব্যবহারের জন্য ইউভি স্টেরিলাইজার যন্ত্র স্থাপন করা হয়েছে। এই মেশিনে অতিবেগুনি রশ্মির সাহায্যে ব্যবহৃত মাস্ক জীবাণুমুক্ত করে পুনর্ব্যবহারের উপযোগী করা যায়।

হাসপাতালের আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মেশিন হাসপাতালের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকে স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল বুধবার থেকে মেশিনটির কার্যক্রম শুরু হয়েছে। ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপনের পরিপ্রেক্ষিতে একটি মাস্ক একাধিকবার ব্যবহার করা যাবে। এতে অপচয় রোধের পাশাপাশি সরকারের আর্থিক সাশ্রয় হবে।

হাসপাতাল সূত্র জানায়, বরিশালসহ দেশে উন্নতমানের এন-৯৫ মাস্কের স্বল্পতা ও অতিরিক্ত দামের কারণে তা ব্যবহার দুরূহ হয়ে পড়েছে। কিন্তু এসব মাস্ক ছাড়া চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। এমন অবস্থার পরিপ্রক্ষিতে হাসপাতালের আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা একটি ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করেন। ৪ মে হাসপাতালের দ্বিতীয় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে (ব্লাড ব্যাংক) একটি ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়। গতকাল থেকে এর কার্যক্রম শুরু করা হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুন্নবী তুহিন বলেন, এ মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবাণুমুক্ত) একাধিকবার ব্যবহার করা যাবে। ইতিমধ্যে যেসব মাস্ক ব্যবহার করা হয়েছে, সেগুলো আবার স্টেরিলাইজের প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এই মেশিনের সুবিধা ভোগ করবেন।