মাহিনুরের অভাবজয়ের গল্প

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চৌদ্দকানি গ্রামের বাসিন্দা মাহিনুর। দীর্ঘদিনের পরিশ্রমে তাঁর সংসারে সচ্ছলতা ফিরে এসেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরগির খামার থেকে ডিম সংগ্রহ করছেন মাহিনুর বেগম। সম্প্রতি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় চৌদ্দকানি গ্রামে
ছবি: প্রথম আলো

দরিদ্র পরিবারের মেয়ে মাহিনুর বেগম (৩৭) দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। ১৭ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে। স্বামী বেল্লাল মুন্সী অন্যের জমিতে কৃষিকাজ করেন। স্বামীর অল্প আয়ে সংসার চালাতে ভীষণ কষ্ট হচ্ছিল তাঁর। এ পরিস্থিতিতে সংসারের অভাব দূর করতে কিছু করার কথা ভাবতে থাকেন মাহিনুর। সেই চিন্তা থেকে শুরু করেন মুরগি পালন। এরপর গড়ে তোলেন মুরগির খামার।

একপর্যায়ে মুরগির খামারের লাভ থেকে শুরু করেন গরু পালন। শুরুতে বেশি টাকা আয় না হলেও, এখন মাসে তিনি সব খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকা আয় করছেন। এভাবে তাঁদের অভাবের সংসারে এসেছে সচ্ছলতা। এখন পরিবারের সদস্যদের নিয়ে সুখেই বসবাস করছেন মাহিনুর।

মাহিনুর বেগমের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি-তালতলী ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদের তীরে বড় চৌদ্দকানি গ্রামে। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে মাহিনুর দেখেন, তাঁদের ছোট্ট দোচালার একটি টিনের ঘর। সেই ঘরের একটি ছোট কক্ষে শুরু হয় মাহিনুরের সংসার। স্বামী বেল্লাল মুন্সী অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর স্বামী পৈতৃক কিছু কৃষিজমি পেলেও তা থেকে যে ধান পেতেন, তাতে সংসার চলত না। কোনোরকমে খেয়ে না খেয়ে দিন কাটছিল তাঁদের। স্বামীর পক্ষে দুই বেলা খাবার জোগাড় করাই অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় স্বামীকে সংসার চালাতে সহায়তা করতে ২০১৫ সালে বাড়িতে হাঁস-মুরগি পালন শুরু করেন মাহিনুর। বর্তমানে তাঁর খামারে দুই হাজার সাদা লেয়ার মুরগি রয়েছে। এসব মুরগি প্রতিদিন গড়ে দেড় হাজার ডিম দেয়। ডিম থেকেই প্রতিদিন চার হাজার টাকার বেশি আয় হচ্ছে মাহিনুরের।

মুরগির খামারে ভালো লাভ আসতে থাকায় একপর্যায়ে গরুর খামার গড়ে তোলার পরিকল্পনা করেন। মাহিনুর প্রাথমিকভাবে একটি ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়ে তাঁর স্বামীকে পাঁচটি গরু কিনে দেন। এখন তাঁর ১৮টি গরু। প্রতিদিন গড়ে ৭০ লিটার দুধ পান তিনি। এই দুধ বিক্রি করে সাড়ে তিন হাজার টাকার মতো পান। গরুগুলো লালন-পালন করতে দুজন শ্রমিক কাজ করছেন খামারে। গরুর খাদ্য ও শ্রমিকদের মজুরি বাবদ প্রতিদিন তাঁদের ২ হাজার ৫০০ টাকার মতো খরচ হচ্ছে। এতে আয় হচ্ছে এক হাজার টাকা। মুরগির ডিম ও গরুর দুধ বিক্রি করে আয় হওয়া টাকা দিয়ে এখন সুন্দরভাবে সংসার চলছে তাঁদের। লাভের টাকা দিয়ে ইতিমধ্যেই দোচালা ঘরের জায়গায় একটি বড় দোতলা আধা পাকা ঘর তুলেছেন মাহিনুর। দুই বিঘা কৃষিজমি কিনেছেন। মাহিনুরের বড় ছেলে বাবলু উচ্চমাধ্যমিক পাস করেছেন। মেজো ছেলে মোকসেদুল নবম শ্রেণিতে পড়ছে। আর ছোট ছেলে আরাফাতের বয়স পাঁচ বছর।

মাহিনুর জানালেন, বিয়ে হওয়ার পর তিনি যখন স্বামীর সংসারে আসেন, তখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এত অভাবের মধ্যেও সুন্দর একটি জীবনের স্বপ্ন দেখতেন তিনি। তাঁর তিন ছেলে পড়াশোনা করে মানুষ হবে, সে স্বপ্নও ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণ ও সংসারের অভাব ঘোচাতে আয়বর্ধনমূলক কাজ করার চিন্তা করতে থাকেন তিনি। সেই চিন্তা থেকেই তিলে তিলে গড়ে তোলেন মুরগি ও গরুর খামার।

অনেক প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে এগিয়ে চলা মাহিনুরের এই সাফল্যের প্রশংসা করেছেন স্থানীয় রতনদি-তালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান। বলেন, মাহিনুর এখন গ্রামের নারীদের কাছে রোল মডেল হয়ে উঠেছেন।