মাহিন্দ্রাচালককে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড
খুলনায় শেখ ওহিদুর রহমান ওরফে রিপন নামের এক মাহিন্দ্রাচালককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাহিন্দ্রা ছিনতাই ও দস্যুতা করার অপরাধে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান আজ মঙ্গলবার দুপুরের দিকে ওই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা ছিলেন না। তাঁরা পলাতক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কিশোরগঞ্জের ইলচ্চা বাজার এলাকার মোহাম্মদ নুর ইসলাম ও জনি দাস, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মো. রনি শিকদার ও খুলনার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ মাসুদ রানা মোল্লা। হত্যা ও মাহিন্দ্রা ছিনতাইয়ের কথা তাঁরা আদালতের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কাজী সাব্বির আহমেদ বলেন, ওহিদুর সাতক্ষীরার লাবশা এলাকার শেখ তৌহিদুর রহমানের ছেলে। ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে মাহিন্দ্রা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাতে বাড়িতে ফিরে না এলে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরের দিন নিহত ব্যক্তির ছোট ভাই জানতে পারেন, খুলনা নগরের লবণচরা থানা এলাকায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে নিহত ব্যক্তির ভাই খুলনায় এসে ওহিদুর রহমানের লাশ শনাক্ত করেন। লাশ দাফন শেষে তিনি জানতে পারেন গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মাহিন্দ্রাসহ চারজন আটক হয়েছেন। পরদিন লবণচরা থানায় ওই চারজনের নাম উল্লেখ করে তিনি মামলা করেন।
আইনজীবী বলেন, ঘটনার দিন সন্ধ্যার দিকে সাজাপ্রাপ্ত চার আসামি পূর্বপরিকল্পনা অনুযায়ী মাহিন্দ্রা ছিনতাইয়ের উদ্দেশ্যে খুলনায় আসার জন্য ৭০০ টাকায় ওহিদুর রহমানের মাহিন্দ্রাটি ভাড়া করেন। রাত নয়টার দিকে খুলনার লবণচরা থানা এলাকায় পৌঁছালে আসামিরা ওহিদুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে সড়কের ধারে ফেলে দিয়ে মাহিন্দ্রাটি নিয়ে পালিয়ে যান। পরে গোপালগঞ্জ এলাকার কাশিয়ানী পুলিশের চেকপোস্টে গিয়ে তাঁরা আটক হন। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে তাঁরা আদালতের কাছেও জবানবন্দি দিয়েছিলেন।
ওই বছরের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালে আসামিরা জামিনে বের হন। পরে তাঁরা আত্মগোপন করেন।