বগুড়া শহর
মায়ায় ভরা ‘মানবতার ঝুড়ি’
এসব ঝুড়িতে কেনাকাটা করতে আসা সামর্থ্যবান মানুষ তাঁদের বাজারের ব্যাগ থেকে কিছু সবজি রেখে যাচ্ছেন।
রাহেলা বেওয়ার বয়স সত্তর ছুঁই ছুঁই। গতকাল সোমবার সকালে বগুড়া শহরের কলোনিবাজারে এ দোকান–ও দোকান ঘুরে মানুষের কাছে দু-এক টাকা সাহায্য চাইছিলেন। বাজারে একটি সবজির দোকানে রাখা ছিল প্লাস্টিকের একটি ঝুড়ি। ঝুড়িতে মিষ্টিকুমড়া, আলু, পটোল, বেগুন, মুলা, শসা, শজনে, কলা, শাকসহ হরেক সবজি। পাশেই ঝুলছে একটি প্ল্যাকার্ড। সেখানে বড় বড় অক্ষরে লেখা ‘মানবতার ঝুড়ি’। নিচে ছোট করে লেখা ‘সামর্থ্য অনুযায়ী আপনার পছন্দমতো কিছু সবজি এখানে রেখে যান। কেনার সামর্থ্য না থাকলে আপনার প্রয়োজনমতো কিছু সবজি নিয়ে যান।’
ঝুড়িতে কিছু সবজি রেখে একজন রাহেলা বেওয়াকে বললেন, ‘নানি মা, আপনার প্রয়োজনমতো এখান থেকে কিছু সবজি নিতে পারেন।’ রাহেলা বেওয়া ঝুড়ি থেকে একখণ্ড মিষ্টিকুমড়া, কয়েকটা পটোল, শজনে আর কাঁচা মরিচ তুলে নিলেন শাড়ির আঁচলে। বললেন, ‘এডা তো বাপ মায়ার ঝুড়ি। ভালো মানুষজন মায়া করে হামাগরক সবজি খাবার দিচ্চে।’
রাহেলা বলেন, ‘বিয়ানবেলা ভিক্ষাত বার হচি। পথে পথে ঘুরে ৫০ টেকা ভিক্ষা পাইনি। সবজি কিনবার টেকা জোগাবার পারিনি। অ্যাকনা পান্তা খায়্যা রোজা থাকিচ্চি। সবজিটা পায়্যা হামার খুব উপকার হলো।’
তিন কূলে কেউ নেই রাহেলা বেওয়ার। তিন দশক আগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে যমুনা নদীতে বসতভিটা হারিয়ে স্বামীর সঙ্গে এসে ঠাঁই নিয়েছিলেন বগুড়া শহরে। দুজনে কাজ নিয়েছিলেন ঢালাই কারখানায়। থাকতেন রেলওয়ে বস্তিতে। বছর দশেক আগে স্বামী আলেফ শেখ মারা যাওয়ার পর অসহায় হয়ে পড়েছেন তিনি। মানুষের কাছে হাত পেতে কোনোরকমে পেটে ভাত জোটে। কিন্তু এখন বয়সের ভারে ন্যুব্জ। ভিক্ষায় বেরোতেও পারেন না। দিনে কোনোরকমে ৪০ থেকে ৫০ টাকা পান। ওই টাকা এক কেজি মোটা চাল কিনতেই শেষ। তেল, নুন, সবজি কেনা তো দূরের কথা।
রাহেলার মতো বগুড়া শহরের বহু অসহায়-হতদরিদ্র মানুষের সহায় এখন ‘মানবতার ঝুড়ি’। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিতে গরিব, দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বগুড়া শহরের কলোনি বাজার, বউবাজার এবং বকশীবাজারের ৯টি সবজির দোকানে ‘মানবতার ঝুড়ি’ রেখেছে ‘ক্লিন বগুড়া, সেফ বগুড়া অ্যাসোসিয়েশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ ছাড়া কলোনিবাজার এবং স্টেশন সড়কের দুটি ফলের দোকানেও শোভা পাচ্ছে ‘মানবতার ঝুড়ি’। এসব ঝুড়িতে কেনাকাটা করতে আসা সামর্থ্যবান মানুষ তাঁদের বাজারের ব্যাগ থেকে কিছু সবজি রেখে যাচ্ছেন। অন্যদিকে এই ঝুড়ি থেকে গরিব-দুস্থ অসহায় মানুষ প্রয়োজনীয় সবজি ও ফল নিয়ে যাচ্ছেন। মানবিক এ উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।
‘মানবতার ঝুড়ি’ স্থাপনের উদ্যোগ প্রসঙ্গে ক্লিন বগুড়া, সেফ বগুড়া অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। ছিন্নমূল ও অসহায় দরিদ্র মানুষ বাজারে গিয়ে সবজি কেনাকাটা করার মতো সামর্থ্য নেই। পবিত্র রমজান মাসে দরিদ্র রোজাদার ও অসহায় মানুষের কথা বিবেচনা করেই রোজার দুই দিন আগে মানবতার ঝুড়ি স্থাপনের এ উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে শহরের তিনটি বাজার এবং একটি ফল মার্কেটে ১১টি মানবতার ঝুড়ি রাখা হয়েছে। এসব ঝুড়িতে সামর্থ্যবান মানুষ সবজি ও ফল রেখে যাচ্ছেন। দরিদ্র মানুষ প্রয়োজনমতো ঝুড়ি থেকে বিনা মূল্যে সবজি নিয়ে যাচ্ছেন। শহরের সব কটি বাজারে এ রকম মানবতার ঝুড়ি স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি।
রাকিবুর রহমান বলেন, ২০২০ সালে করোনা অতিমারি শুরুর পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রমের মধ্য দিয়ে ক্লিন বগুড়া, সেফ বগুড়া অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। এরপর দুই বছর ধরে বগুড়া শহরের সড়কবিভাজকে গাছ লাগিয়ে শোভাবর্ধন, এতিম শিশুদের মধ্যে খাবার, পোশাক বিতরণসহ
নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন তাঁরা।
গতকাল দুপুরের দিকে বউবাজারে গিয়েও সবজির দোকানে দেখা গেল মানবতার ঝুড়ি। ঝুড়িতে রাখা ছিল বেগুন, মিষ্টিকুমড়া, লাউ, কাঁচা মরিচ, টমেটো, আলু, শসা, লালশাকসহ নানান সবজি। একটি ঝুড়ি থেকে সবজি তুলে নিচ্ছিলেন মালতীনগর বস্তির বাসিন্দা আবেদা বেগম। তিনি বলেন, বৃদ্ধ স্বামী বাকের আলী একসময় রিকশা চালাতেন। এখন কাজ করতে পারেন না। সংসারে উপার্জনের কেউ নেই। ভিক্ষার উপার্জনে সংসার চলছে না। মোটা চালের কেজি ৫০ টাকা। আগে ১০০ টাকার বাজারে ব্যাগ ভরে যেত। এখন ২০০ টাকাতেও চাল, ডাল, নুন তেল কেনা যায় না। তিনি বলেন, ‘বাজারত আগুন লাগচে। দ্যাশত আকাল পড়চে। রোজার মাসত এ সবজিটা পায়্যা খুব উপকার হলো। সারা দিন রোজা থ্যাকে ছালন দিয়ে অ্যাকনা ভাত খাবার পারম।’
থলে ভরে সবজি নিয়ে যাওয়ার সময় আলেফা বেগম নামের এক নারী বলেন, ‘এক ব্যাগ সবজি এটি থ্যাকে নিনু। খুব খুশি হইচি। যেই সব লোক হামাকেরে জন্যি মাগনা সবজি লেওয়ার এই ব্যবস্থা করিচে, তারকেরে জন্যি দোয়া করি।’
কলোনিবাজারে কথা হয় রোটারি ক্লাব অব বগুড়ার সভাপতি সৈয়দ আহম্মদ কিরণের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, দরিদ্র মানুষের জন্য এ মানবতার ঝুড়ি অনন্য উদ্যোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময় এ উদ্যোগ সাড়া ফেলেছে। এটি ছড়িয়ে পড়ুক দেশজুড়ে। এতে একদিকে অসহায় মানুষ উপকৃত হবে, অন্যদিকে মানুষের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়াতেও বিত্তবান মানুষ উৎসাহিত হবেন।