মায়ের কাছে ফিরে গেল বনবিড়ালের চার ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধারের পর বনবিড়ালের চার ছানা একসঙ্গে রাখা হয়। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের বরুণায়
ছবি: প্রথম আলো

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের সিলিংয়ের ওপরে বাসা তৈরি করেছিল বনবিড়ালটি। সেখানে চারটি ছানারও জন্ম হয়। মানুষের নজরে পড়লে খবর দেওয়া হয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে। পরে শুরু হয় ছানাগুলোকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া।

মায়ের সঙ্গে ছানাগুলো ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের বরুণার হাজি মোহাম্মদীয়া লতিফীয়া দাখিল মাদ্রাসা ভবনে। গত বৃহস্পতিবার বনবিড়ালের ছানা পাওয়ার ঘটনা জানাজানি হয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সিলিংয়ে ছোটাছুটি করতে গিয়ে একটি ছানা নিচে পড়ে যায়। তখনই এটি মানুষের চোখে পড়ে। মানুষের উপস্থিতি টের পেয়ে মা বনবিড়ালটি গা ঢাকা দেয় আশপাশের ঝোপঝাড়ে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন উদ্ধার হওয়া ছানাগুলোকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ছানাগুলো যেখানে ছিল, সেখানে রেখে চলে অপেক্ষার পালা। দেখা যায় সন্ধ্যার পর মা বনবিড়ালটি চুপিসারে এসে একটি একটি করে তিনটি বাচ্চাকে নিয়ে গেছে। পরদিন শুক্রবার সকালে দেখা যায়, ৪ নম্বর ছানাটিও নিয়ে গেছে মা বনবিড়াল।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আজ রোববার বলেন, ধান কাটা শেষ হয়ে গেছে। বাড়িঘরের আশপাশে ঝোপঝাড়ও কমে গেছে। এ কারণে বনবিড়ালটি ফাঁকা মাদ্রাসা ভবনের সিলিংয়ের ওপর বাসা করে বাচ্চা জন্ম দেয়।

রেজাউল করিম বলেন, উদ্ধার হওয়া ছানাগুলোকে মায়ের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর ও গভীর রাতে ছানাগুলো নিয়ে যায় মা বনবিড়াল। প্রকৃতিতে মায়ের কাছেই ছানাগুলো ভালো থাকবে।