মায়ের খোঁজে মাদ্রাসা পালিয়ে নিখোঁজ রাফি ফিরল মায়ের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা থেকে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার পর জড়িয়ে ধরলেন মা। ছবিটি গতকাল বুধবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা কার্যালয়ে তোলা।
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

মায়ের কাছে যাওয়ার জন্য কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার একটি মাদ্রাসা থেকে পালিয়েছিল ১১ বছর বয়সী শিশু মোহাম্মদ রাফি। শিশুটি জানে তার মা ঢাকায় থাকেন, তবে সেখানে কীভাবে যেতে হয়, তা জানে না সে। তাই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেনে উঠে যায় সে। ট্রেনটি চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি স্থানে থামলে সেখানে নেমে যায় রাফি। গন্তব্য ভুলে হারিয়ে যাওয়া শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে থানায় পাঠান। এরপর শিশুটির মায়ের খোঁজে নামে পুলিশ। কটিয়াদী থানার সঙ্গে যোগাযোগ করে মায়ের মুঠোফোন নম্বর বের করে অবশেষে রাফিকে গতকাল বুধবার সন্ধ্যায় মায়ের হাতে তুলে দেয় সীতাকুণ্ড থানার পুলিশ।

রাফি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নাগেরগাও এলাকার সাওতুল কুরআন নূরানী কওমি মাদ্রাসার ছাত্র। তার মা দেলোয়ারা বেগম ঢাকার রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন।

শিশু রাফির ভাষ্য, মাদ্রাসার শিক্ষকেরা তাকে মারধর করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে সে মায়ের কাছে যাওয়ার জন্য মাদ্রাসা থেকে পালায়। কোন গাড়িতে করে ঢাকায় মায়ের কাছে যেতে হয়, সেটা তার জানা নেই। গত মঙ্গলবার মাদ্রাসা থেকে বের হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেসে ওঠে সে। ট্রেনটি সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় নির্মাণাধীন রেলসেতু এলাকায় পৌঁছে হঠাৎ দাঁড়িয়ে যায়। সেখানে ট্রেন থেকে নেমে যায় রাফি। এরপর স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, রাফি তার ঠিকানা ঠিকমতো বলতে পারছিল না। কিন্তু মাদ্রাসার নাম বলার পর কটিয়াদী থানায় যোগাযোগ করে পরিবারের ঠিকানা বের করার চেষ্টা করেন তাঁরা। পরে শিশুটির ছবি তুলে কটিয়াদী থানার ফেসবুক পেজে প্রচার করা হয়। সেখানেই পাওয়া যায় রাফির মায়ের ফোন নম্বর। রাফির মা দেলোয়ারা বেগমকে বিষয়টি জানানো হলে তিনি সীতাকুণ্ড থানায় এসে ছেলেকে শনাক্ত করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে মায়ের কাছে ছেলেকে হস্তান্তর করা হয়।

দেলোয়ারা বেগম বলেন, তাঁর দুটি ছেলে আছে। কয়েক বছর আগে তাঁর স্বামী নিরুদ্দেশ হন। এর পর থেকে অর্থকষ্টে দিন যাচ্ছিল তাঁদের। অভাবের কারণে বড় ছেলে রাফিকে কিশোরগঞ্জের ওই মাদ্রাসায় পড়তে দিয়ে তিনি ঢাকায় রায়েরবাজারের বেড়িবাঁধ এলাকায় বাসাবাড়িতে কাজ শুরু করেন।