মায়ের জন্য ভ্যানচালক শরিফুলের কান্না
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গেছে এক বয়স্ক নারীর মাথা। খবর পেয়েই ছুটে যান শরিফুল ইসলাম (৩৮)। শরিফুল রাজশাহীর বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। সেখানে থেকেই ভ্যান চালান। তাঁর মা ফাতেমা বেগম (৬০) দিনাজপুরের ঘোড়াঘাট থেকে বাঘায় আসছিলেন তাঁকে দেখতে। অনেক দিন মায়ের সঙ্গে দেখা নেই তাঁর। মাঝে লকডাউনের কারণে ঈদেও তাঁর বাড়ি যাওয়া হয়নি। বাস দুর্ঘটনার কথা শুনেই মাথা কাজ করছিল না তাঁর।
আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা পৌর সদরে বাঘা-লালপুর সড়কে। দিনাজপুর থেকে সকালে তাঁর মা যে বাসে উঠেছেন, সেটি এ সড়ক দিয়েই আসার কথা। শরিফুল ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুর্ঘটনার খবর সত্য। বয়স্ক যে নারী মারা গেছেন, মাথা পিষ্ট হয়ে তখন আর তাঁকে চেনার উপায় নেই।
লাশের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদেন শরিফুল। সেখান থেকে লাশ উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় নিজের ভ্যানটি পেছনে রেখে মায়ের জন্য কাঁদছিলেন শরিফুল। লাশ হাসপাতালে নেওয়ার পর তিনি পেছন ফিরে দেখেন, তাঁর ভ্যানটি নেই। মনে করলেন, ভ্যানটি চুরি হয়ে গেছে। এই ভ্যানই তাঁর রোজগারের একমাত্র অবলম্বন। ক্ষণিকের জন্য তিনি মায়ের কথা ভুলে গিয়ে ভ্যানের জন্য কাঁদতে শুরু করেন। স্থানীয় লোকজন কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশ্য তাঁর ভ্যানটি উদ্ধার করা গেল। ইতিমধ্যে ওই লাশ হাসপাতাল থেকে বাঘা থানায় নিয়ে যাওয়া হয়েছে। শরিফুল ভ্যান নিয়ে থানায় যান। পুলিশকে ঘটনা জানাতেই ‘তাঁর মায়ের লাশ’ নিজের ভ্যানে তুলে রাখতে বললে শরিফুল লাশ ভ্যানে তুলে রাখেন।
শরিফুল ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুর্ঘটনার খবর সত্য। বয়স্ক যে নারী মারা গেছেন, মাথা পিষ্ট হয়ে তখন আর তাঁকে চেনার উপায় নেই।
কিছুক্ষণ পর শরিফুলের মনে পড়ে, মায়ের কাছে মুঠোফোন ছিল। ফোনটি কোথায় থাকল? তিনি মায়ের নম্বরে রিং দেন। সঙ্গে সঙ্গে ফোনের অপর প্রান্ত থেকে মা কথা বলে ওঠেন। কাঁদতে কাঁদতে শরিফুল বলেন, ‘মা, তুমি কোথায়?’ মা বলেন, ‘আমি নাটোরের বনপাড়ায় বাসের ভেতরে।’ শরিফুল নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারেন না। এদিকে বিরাট ধন্দে পড়েন, কাপড় দিয়ে ঢাকা যাঁর লাশ ভ্যানে তুলে রেখেছেন, তাহলে সেটি তাঁর মা নন?
এর প্রায় দুই ঘণ্টা পর সত্যিই মা ফাতেমা বেগম বাঘায় এসে পৌঁছান। মাকে পেয়েই শরিফুল ইসলাম জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে শুরু করেন। তখনো তাঁর মা জানেন না, ছেলে এত কাঁদছে কেন।
এবার শরিফুল কাঁদতে কাঁদতে গিয়ে পুলিশকে বলেন, এ লাশ তাঁর মায়ের নয়। তাঁর মা এসেছেন। তিনি মাকে সঙ্গে করে থানায় নিয়ে গিয়ে দেখান। কিন্তু ভ্যানটি তো আটকা। এবার তিনি ভ্যানটি ছাড়িয়ে নেওয়ার জন্য কাকুতিমিনতি করতে থাকেন। পুলিশকে বলেন, একদিন ভ্যান না থাকলে তাঁকে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। বিষয়টি স্থানীয় সাংবাদিকেরা বুঝিয়ে বলার পর পুলিশ জব্দ করা অন্য একটি ভ্যানে লাশ তুলে শরিফুলের ভ্যানটি ছেড়ে দেওয়ার অনুমতি দেয়। রাত আটটার দিকে লাশ নামিয়ে শরিফুল মাকে সঙ্গে করে রক্তমাখা ভ্যান নিয়ে থানার বাইরে আসেন। রাস্তার ওপরে এসে ভ্যানের রক্ত ধুয়ে মাকে ভ্যানে তুলে নিয়ে বাসায় যান।
শরিফুলের পৈতৃক বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী গ্রামে। তাঁর বাবার নাম সেকেন্দার আলী। শরিফুল প্রথম আলোকে বলেন, ‘মাও মরি গেইছে শুনিয়া মাথা নষ্ট হয়্যা গেছল। মাথা আর কাজ করে নাই। মাক যে আবার ফিরি পাইলাম, দুঃখের মাঝেও এ যেন ঈদের খুশি!’
এদিকে অজ্ঞাতপরিচয় নারীর লাশটির বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, প্রকৃতপক্ষে যে নারী ট্রাকচাপায় মারা গেছেন, তিনি শরিফুলের মা নন। তাঁর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এখনো তাঁর পরিচয় মেলেনি। বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।