মায়ের পা ধুয়ে ভালোবাসা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা দিবসে মায়েদের ফুল উপহার দিয়ে তাঁদের পা ধুয়ে দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল বিদ্যালয়ে
ছবি: সংগৃহীত

মা দিবসে মায়েদের পা ধুয়ে তাঁদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছে শতাধিক শিক্ষার্থী। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল বিদ্যালয়ের শিক্ষকেরা এই কর্মসূচির আয়োজন করেন।

সারি হয়ে বসা মায়েদের হাতে ফুল দিয়ে পা ধুয়ে দেয় শিশুরা। সন্তানের কাছে এমন শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে মায়েরা আবেগাপ্লুত। আর শিশুরা পেয়েছে আনন্দ।

বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ আলম বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে নীতিবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধার হবে। মায়ের প্রতি এই ভালোবাসা তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

মায়ের প্রতি ভালোবাসার প্রকৃত মানে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়টির পরিচালক রেজাউল ইসলাম। তিনি বলেন, প্রত্যেক মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি তার মা। এই মাকে যাতে মানুষ ভালোবাসে, সে জন্য সমাজের সব ক্ষেত্রেই মাকে প্রাধান্য দিয়ে নানা কর্মসূচি করা প্রয়োজন। এতে সামাজিক অবক্ষয় কিছুটা হলেও কমবে।

সন্তান পা ধুয়ে দেওয়ায় আবেগাপ্লুত মা সম্পা বেগম বলেন, সন্তানের কাছে এমন ভালোবাসা পেয়ে তিনি আনন্দিত। এ আনন্দ অন্য কোনো আনন্দের সঙ্গে তুলনা হয় না।

মায়ের পা ধোয়া শেষে শিশু মুনতাসির জাহান মীম বলে, ‘মা আমাদের খুব ভালোবাসে। তাই মা দিবসে মায়ের পা ধুয়ে দিতে পেরে খুব ভালো লাগছে।’

এর আগে সকালে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আলম, পরিচালক রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তাজিম উদ্দীন, সাংবাদিক এস এম মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।