মায়ের বেড়ে রাখা ভাত খাওয়া হলো না শরীফের
ব্যাটারিচালিত অটোরিকশাচালক শরীফ মিয়া (১৬) মাকে ভাত বেড়ে রাখতে বলেছিল। চাচার বাড়ি থেকে ফিরে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তার। কিন্তু মায়ের বেড়ে রাখা সেই ভাত খাওয়া হলো না শরীফের।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের বিদ্যুৎলাইনের তারে জড়িয়ে মৃত্যু হয় শরীফের। সে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে শরীফ দ্বিতীয়।
ছেলের মৃত্যুর খবর পেয়ে বিলাপ করতে থাকেন শরীফের মা নাছিমা বেগম। বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। নাছিমা বেগম বলেন, ‘আমার ছেলে অটো চালিয়ে বাড়িতে আসতেছিল। ও কল করে বলল, “মা আমি কাকার বাড়ি থেকে আসতেছি, তুমি খাবার বেড়ে রাখো।” আমার ছেলে তো আর খাবার খেতে এল না!’
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, শরীফ প্রতিদিনের মতো অটোরিকশা চালিয়ে দুপুরের খাবার খেতে বাসায় আসছিল। পথে সে চাচা রুবেল মিয়ার বাড়িতে যায়। রুবেল মিয়ার নির্মাণাধীন ঘরে বিদ্যুৎলাইনের কাজ চলছিল। শরীফ চাচার ঘর থেকে বেরিয়ে উঠানে আসে। এ সময় ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তার জড়িয়ে যায় তার পায়ে। শরীফের চিৎকারে বাড়ির লোকজন দৌড়ে আসেন। ইলেকট্রিকমিস্ত্রি রমজান মিয়া দ্রুত গিয়ে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেন। এরপর শরীফকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লায় নেওয়ার পথেই মারা যায় শরীফ।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা সরকার এ কে এম আনিস বলেন, শরীফ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখান থেকে তাকে কুমিল্লায় পাঠানো হয়েছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় কেউ কিছু জানাননি।