মায়ের সঙ্গে বাড়ি ফেরা হলো না শিশু জান্নাতুলের
ভিটামিন এ ক্যাপসুল খেয়ে পাঁচ বছরের শিশু জান্নাতুল মায়ের হাত ধরে বাড়িতে ফিরছিল। কিন্তু পথে ব্যাটারিচালিত একটি ভ্যানের ধাক্কায় জান্নাতুল না ফেরার দেশে চলে গেছে। আজ রোববার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
জান্নাতুল উপজেলার বিপ্রবেলঘরিয়া আদর্শ গ্রামের ভ্যানচালক মিলন হোসেনের মেয়ে। মিলন হোসেন জানান, জান্নাতুলকে নিয়ে তাঁর স্ত্রী ইউনিয়ন পরিষদে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে গিয়েছিলেন। ক্যাপসুল খেয়ে ফেরার পথে তাঁরা বিপ্রবেলঘরিয়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত একটি ভ্যান জান্নাতুলকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়।
এরপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে জান্নাতুলের মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, নিহত শিশুটির লাশ নলডাঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। ওই ভ্যানচালক পলাতক। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।