মায়ের হাত থেকে ছুটে দৌড়, ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মায়ের হাত থেকে ছুটে দৌড় দিয়ে সড়ক পার হতে যায় মাহিয়া আক্তার নামের ৯ বছরের এক শিশু। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিয়া আক্তার গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকার মাইনুল ইসলামের মেয়ে। সে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ, পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা ফরিদা বেগমের সঙ্গে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল মাহিয়া। হঠাৎ মায়ের হাত থেকে ছুটে দৌড়ে একাই সড়ক পার হতে যায় সে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিয়ার মৃত্যু হয়।

এভাবে চোখের সামনে শিশুসন্তানের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন মা ফরিদা বেগম। চিৎকার করে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। ফরিদা বলেন, ‘হঠাৎ হাত থেকে ছুটে দৌড় দিয়ে সড়ক পার হতে যায় ও। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে থেঁতলে যায় ওর শরীর। এই দৃশ্য দেখার পর আমি কীভাবে বাঁচব!’

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ জানান, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।