মায়ের হাতে প্রথম মাসের বেতন তুলে দেওয়া হলো না লেলিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেলিন সরকার
ছবি: সংগৃহীত

সহকারী শিক্ষক হিসেবে সম্প্রতি চাকরিতে যোগ দেন লেলিন সরকার (২৬)। গতকাল বৃহস্পতিবার প্রথম বেতনের টাকা পান তিনি। বেতন পেয়ে সহকর্মীদের মিষ্টিমুখও করিয়েছেন। ইচ্ছা ছিল বেতনের পুরো টাকা মায়ের হাতে তুলে দেবেন। আজ শুক্রবার নওগাঁয় প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় গ্রামের বাড়িতে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর আগেই সব শেষ হয়ে গেল।

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক লেলিন সরকারের সহকর্মী গোলাম আগা খান। লেলিনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দিঘলীয়া গ্রামে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে দুই মাস আগে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামকুড়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পান। এমপিওভুক্তির পর গতকাল প্রথম বেতন পান লেলিন।

আরও পড়ুন

রামকুড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুর রহিম প্রথম আলোকে বলেন, লেলিনের আচার-ব্যবহার ছিল অমায়িক। শ্রেণিকক্ষে ভালো পড়ানোর কারণে স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রিয় হয়ে উঠেছিলেন। চার বছর ধরে তাঁর প্রতিষ্ঠানে ইংরেজির শিক্ষক পদটি শূন্য ছিল। লেলিন নিয়োগ পাওয়ার পর শিক্ষার্থীরা ইংরেজিতে ভালো করবে—এমন প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু তাঁর মৃত্যুতে আবারও সেই শূন্যতা তৈরি হলো।

আজ সকাল সাড়ে আটটার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলীতে সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক্টর ও ট্রাকের সংঘর্ষে লেলিনসহ পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে তিনজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (৪৮), মকবুল হোসেন (৫৮) ও জান্নাতুন নেছা (৩৫)। নিহত দেলোয়ার নিয়ামতপুর উপজেলার পানিহারা উচ্চবিদ্যালয়ের, মকবুল বেলকাপুর উচ্চবিদ্যালয়ের এবং জান্নাতুন নেছা গুজিশহর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়। শুক্রবার সকালে নওগাঁ সদর উপজেলার বাবলাতলী এলাকায়
ছবি: প্রথম আলো

নিহত অন্য ব্যক্তি অটোরিকশার চালক। তাঁর নাম সেলিম রেজা। তিনি নিয়ামতপুর উপজেলার বিজলী গ্রামের বাসিন্দা। এই ঘটনায় নুরজাহান বেগম নামে আরও শিক্ষক আহত হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত শিক্ষকেরা সবাই নওগাঁ শহরে একটি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগির খাদ্য বহনকারী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন দিক থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে থানা-পুলিশ নিশ্চিত করেছে। দুর্ঘটনা-কবলিত ট্রাকটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি দল সেখানে উদ্ধারকাজ চালায়।