ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সফিউল্লাহ ওরফে সোফাই সরদার (৪৮)। আজ মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক বেগম আফরিন আহমেদ তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন।
এর আগে ঘটনার ১৮ দিন পর গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার আবদুল্লাহপুর হানিফ পরিবহনের বাস কাউন্টার থেকে সফিউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত সাড়ে নয়টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সংবাদ সম্মেলনে তাঁকে গ্রেপ্তারের তথ্য জানান।
সফিউল্লাহ আশুগঞ্জ উপজেলার একটি চাতালের শ্রমিকদের সরদার। তিনি আশুগঞ্জ উপজেলার মৈশার গ্রামের বাসিন্দা।
১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান প্রথম আলোকে বলেন, দুই শিশুর মা মোছা. রিমার (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সফিউল্লাহর। রিমাকে বিয়ে করার কথা বলে আসছিলেন তিনি। হত্যার পরিকল্পনা করে ঘটনার দিন বিষ মেশানো পাঁচটি মিষ্টি দুই শিশুর মায়ের কাছে দিয়েছিলেন তিনি।
পুলিশ জানায়, ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের দুই শিশু ইয়াসিন ও মুরসালিন মারা যায়। এ ঘটনায় ১৬ মার্চ তাদের দৃষ্টিপ্রতিবন্ধী বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে স্ত্রী রিমা ও সফিউল্লাহকে আসামি করে আশুগঞ্জ থানায় মামলা করেন। এরপর পুলিশ রিমাকে গ্রেপ্তার করে।
ওসি আজাদ রহমান বলেন, প্রেমিককে বিয়ে করে নতুন সংসার শুরু করার জন্য দুই ছেলেকে হত্যা করা হয় জানিয়ে ১৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিমা। তাঁর বক্তব্যের সঙ্গে সফিউল্লাহর জবানবন্দির মিল পাওয়া গেছে।
এর আগে সোমবার সংবাদ সম্মেলন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সফিউল্লাহ ঢাকা হয়ে সৈয়দপুর দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গতকাল সকালে সরাইল বিশ্বরোড মোড় থেকে ঢাকায় পৌঁছান তিনি। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আবদুল্লাহপুরের হানিফ পরিবহনের কাউন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়।
এসপি আনিসুর রহমান আরও বলেন, স্থানীয় কয়েকজন সফিউল্লাহ ও রিমাকে প্রশ্রয় দিয়েছিলেন। এমন দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরাও মামলায় আসামি হবেন।
আশুগঞ্জ থানা-পুলিশ জানায়, ১০ মার্চ বিকেল পাঁচটার দিকে ওই দুই শিশুর বাড়িতে গিয়ে তাদের মা রিমাকে বিষ মেশানো পাঁচটি মিষ্টি দিয়ে আসেন সফিউল্লাহ। পরিকল্পনা অনুযায়ী, জ্বর এসেছে বলে শিশুদের দাদিকে দিয়ে স্থানীয় একটি ফার্মেসি থেকে নাপা সিরাপ আনতে পাঠান তিনি। এরপর রিমা বড় ছেলে ইয়াছিনকে তিনটি ও ছোট ছেলে মুরসালিনকে দুটি মিষ্টি খাওয়ান। শিশুদের দাদি নাপা সিরাপ নিয়ে বাড়িতে এলে সেখান থেকে আধা চামচ করে দুই সন্তানকে খাওয়ান রিমা। কিছুক্ষণের মধ্যেই দুই শিশুর মুখ দিয়ে লালা বের হয়। পরে তারা বমি করে। এরপর তাদের প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাড়ি নেওয়ার পথে রাস্তায় রাত ৯টার দিকে মুরসালিন ও রাত ১০টার দিকে ইয়াছিনের মৃত্যু হয়।