মিটারগেজ রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হবে: রেলমন্ত্রী
দেশের সব মিটারগেজ রেলপথকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেন, ময়মনসিংহ রেলস্টেশনকে ভবিষ্যতে একটি আইকনিক স্টেশন হিসেবে পুনর্নির্মাণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেলস্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ, একসেস কন্ট্রোল নির্মাণ এবং স্টেশন রিনোভেশন কাজের উদ্বোধন উপলক্ষে পথসভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।
ময়মনসিংহ অঞ্চলে অন্যান্য স্টেশনের আধুনিকায়ন, জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন চালুসহ অন্যান্য বন্ধ স্টেশন চালু করা, ময়মনসিংহের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের নতুন ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগ, রেলওয়ে শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বক্তৃতা শুরুর আগে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।