মিঠাপুকুরে সোনালী ব্যাংকের কাছে ‘সুড়ঙ্গ’ নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গিরহাটে সোনালী ব্যাংকের পাশে একটি মাদ্রাসার খোলা কক্ষে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে।
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে সোনালী ব্যাংক শাখার পাশে মাদ্রাসার একটি খোলা কক্ষে সুড়ঙ্গের সন্ধান পাওয়া নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। গতকাল সোমবার রাতে মিঠাপুকুর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, করোনার কারণে মাদ্রাসা বন্ধ আছে। সেই সুযোগে মাদ্রাসার খোলা কক্ষে সড়ঙ্গ খুঁড়ে দুর্বৃত্তরা হয়তো ব্যাংকে ঢোকার পথ খুঁজছিল।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই ব্যাংকের প্রধান সড়কের পাশে ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসা। সেই মাদ্রাসার একটি খোলা কক্ষে কে বা কারা একটি বড় গর্ত খুঁড়েছে, যা সুড়ঙ্গ আকৃতির। তবে গর্তটি অল্প একটু খোঁড়া হয়েছে, যা ঘরের বাইরে যায়নি। এ গর্ত নিয়েই এলাকায় আলোচনা উঠেছে। বিষয়টি ব্যাংকের পক্ষ থেকে থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

পুলিশ জানায়, করোনার কারণে দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি বন্ধ। গতকাল বিকেলে স্থানীয় ছেলেরা ওই মাদ্রাসার মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি ওই খোলা কক্ষে যায়। ফুটবল আনতে গেলে এক কিশোর ঘরের ভেতর সুড়ঙ্গটি দেখতে পায়। পরে সন্ধ্যায় সে তার বাবাকে বিষয়টি জানায়। এভাবে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান।

সোনালী ব্যাংক জায়গীরহাট শাখার ব্যবস্থাপক সামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গর্তটি ব্যাংকের সীমানার অনেক বাইরে। ব্যাংকের পাশে একটি বড় পাকা সড়ক আছে। তারপর রাস্তার পাশে একটি সেপটি ট্যাংকের পাশে ওই মাদ্রাসার কক্ষটি। এ কারণে এটি আমাদের কোনো বিষয় নয়। এরপরও আমরা মিঠাপুকুর থানায় বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।’

মাদ্রাসাটির সভাপতি এনামুল হক বলেন, ‘আমাদের মাদ্রাসা এক বছরের বেশি সময় ধরে বন্ধ। মূলগেটও বন্ধ থাকে। কিন্তু মাদ্রাসার পূর্ব দিকে একটি কক্ষ আছে, যেখানে কাঠসহ কিছু জিনিস আছে। ওই রুমেই গর্তটি করা হয়েছে। কিন্তু কী কারণে কে বা কারা একটি সুড়ঙ্গ করেছে, তা আমরা বুঝতে পারছি না।’