মিথ্যা মামলা করায় এক মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

মিথ্যা অভিযোগে আদালতে মামলা করায় মো. তাজুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে দুটি ধারায় এক মাস সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জ আমলি আদালত-২-এর বিচারক ও জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আজ বুধবার দুপুরে এ আদেশ দেন।

জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুলগাঁও গ্রামের মো. তাজুল ইসলাম ১৪ মার্চ হবিগঞ্জ আমলি আদালত-২-এ অভিযোগ করেন যে তিনি জমি কেনার জন্য একই গ্রামের মো. আবদুল জলিল ও তাঁর ছেলে শামীম আব্বাসকে তিন লাখ টাকা দেন। তাঁরা জমি বুঝিয়ে দিচ্ছেন না। কিন্তু মামলার সঙ্গে প্রমাণ হিসেবে তিনি কোনো কাগজপত্র দাখিল করেননি। সম্পূর্ণ মৌখিক বক্তব্যের ভিত্তিতে আদালতে মামলাটি করেন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব দাখিলকৃত প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন, অভিযোগকারী মো. তাজুল ইসলাম মামলার আসামিদের সঙ্গে পূর্ববিরোধের কারণে মিথ্যা ও বানোয়াট ঘটনা সাজিয়ে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা তাঁর তদন্তের সমর্থনে ছয় সাক্ষীর সাক্ষ্য নেন। এ তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেন।

মিথ্যা মামলা করায় বাদী তাজুল ইসলামের বিরুদ্ধে কেন আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে না, আদালত এর ব্যাখ্যা চেয়েছেন। পাশাপাশি অভিযোগকারীর নিযুক্ত আইনজীবী মো. মামুনুর রশীদ চৌধুরীকে আদেশের কপি পাঠানো হয়। তবে এর কোনো জবাব আসেনি।

আজ ছিল এই মামলার ধার্য দিন। বাদী মো. তাজুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতের বিচারক মো. জাকির হোসাইন অভিযুক্ত তাজুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।