মিথ্যা সাক্ষ্য দেওয়ায় এক ব্যক্তির ৩ বছরের কারাদণ্ড
ঝালকাঠিতে যৌতুক মামলায় ভুয়া কাজি সেজে মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে সাত হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম তারেক শামস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন রায়ের বিষয় নিশ্চিত করেছেন। মিজানুর রহমান শহরের মসজিদবাড়ি এলাকার আবদুল মান্নান হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ মে একটি যৌতুক মামলায় সাক্ষ্য গ্রহণকালে মিজানুর রহমান নিজেকে কাজি পরিচয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দেন। তৎকালীন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজার বিষয়টি সন্দেহ হলে মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মিজানুর দোষ স্বীকার করেন। এ ঘটনায় বিচারক সেলিম রেজা নিজে বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।