মিথ্যা সাক্ষ্য দেওয়ায় মামলা দায়েরের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

ফেনীতে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাফাই সাক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন সিআর মামলায় দ্য পেনাল কোডের ৪২০ ধারায় দুই আসামিকে সাজা প্রদানের রায় ঘোষণার সময় ওই মিথ্যা সাক্ষ্যদানকারীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।

ওই সাক্ষীর নাম রমজান আলী স্বপন (২৭)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। আর আদালতে দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন দাগনভূঞা উপজেলার মাছিমপুর গ্রামের জয়নাল আবেদীন (৭৫) ও তাঁর ছেলে মো. সুমন (২৮)। জয়নাল আবেদীনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তাঁর ছেলে মো. সুমনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার সময় আসামি জয়নাল আবেদীন আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু ছেলে মো. সুমন পলাতক।

আদালতে শপথ করেও আসামিকে মামলার দায় থেকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়ায় এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করায় সাক্ষী রমজান আলীর বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দেন আদালত।

আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, আসামি মো. সুমন ও তাঁর বাবা জয়নাল আবেদীন তিন লাখ টাকা নিয়ে দাগনভূঞা উপজেলার বারইকান্দি গ্রামের বজলের রহমানের ছেলে মো. ওমর ফারুককে ওমান পাঠান। বাদী ওমর ফারুক বিদেশ যাওয়ার পর ভিসা ও আকামার জটিলতা থাকায় ওমানে ২৭ দিন কারাগারে থাকেন এবং দেশে ফেরত আসেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস করে ২ লাখ ৫০ হাজার টাকা আসামিরা ফিরিয়ে দেবেন সিদ্ধান্ত হয়। কিন্তু টাকা পরিশোধ না করায় ২০১৮ সালের ১২ জুলাই ওমর ফারুক মামলা করেন।

আদালত সূত্র জানায়, মামলা বিচারকালে আসামিপক্ষে রমজান আলী স্বপন মিথ্যা সাক্ষ্য দেন। সাক্ষী রমজান আলী স্বপন গত ৯ ফেব্রুয়ারি আদালতে দেওয়া সাক্ষ্যে দাবি করেন, জয়নাল আবেদীন ও তাঁর ছেলে সুমন নন, তিনিই অভিযোগকারী ওমর ফারুকের কাছ থেকে টাকা নিয়ে তাঁকে ওমানে প্রেরণ করেন। তবে মামলার অন্যান্য সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনায় দেখা যায়, রমজান আসামি সুমন ও তাঁর বাবাকে বাঁচানোর জন্য বাদীকে বিদেশ নেন মর্মে মিথ্যা সাক্ষ্য দেন। আসামি সুমনের সঙ্গে ওমানে একই কোম্পানিতে চাকরি করার সুবাদে এবং একই বাসায় একই কক্ষে থাকার সুবাদে রমজানের সঙ্গে সুমনের সখ্য এবং আইনজীবীর জেরায় তাঁর মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিষয় প্রমাণিত হয়।

আদালতে শপথ করেও আসামিকে মামলার দায় থেকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়ায় এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করায় সাক্ষী রমজান আলীর বিরুদ্ধে পৃথক মামলা রুজুর নির্দেশ দেন আদালত। বাদীপক্ষে আইনজীবী এম শাহজাহান সাজু ও আসামিপক্ষে আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন মামলা পরিচালনা করেন।