মিয়ানমার থেকে পাচারকালে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা
ফাইল ছবি

মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে ইয়াবার চালান পাচারকালে সেন্ট মার্টিনে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ায় গলাচিপা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ডের লে. কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার অদূরে অবস্থান নেন। গভীর রাতে একটি ট্রলারের গতিপথ সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় পাচারকারীরা ট্রলারটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করলে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার গলাচিপা উপকূলে ট্রলারটি ভিড়িয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়। ট্রলারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।