মিরকাদিমে সাংবাদিকের ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশ ভালো ছিল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুই নম্বর ওয়ার্ডের রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে।
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ। রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার এনায়েতনগর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই সংবাদকর্মীর নাম সিহাব আহমেদ। তিনি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আমার বিক্রমপুর’-এর স্টাফ রিপোর্টার। সিহাব আহমেদ অভিযোগ করেন, দুপুরে পৌরসভা নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে এনায়েতনগর কেন্দ্রে যান তিনি। সেখানে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতির ভিডিও চিত্র ধারণ করছিলেন। এ সময় কাউন্সিলর প্রার্থী মোখলেসুর রহমানের পক্ষে আলী আহমেদ রাসেল নামের একজনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া ব্যাপারীসহ ১০-১২ জন মিলে তাঁর ওপর হামলা করে ক্যামেরা, মুঠোফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেন। এ সময় উপস্থিত পুলিশের কাছে সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করে।

৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোকলেসুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি কোনো বহিরাগত আনেননি। তবে রাসেল ও চিশতিয়া তাঁর লোক। তাঁরা কোনো সাংবাদিকের ওপর হামলা কিংবা ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন কি না, তাঁর জানা নেই। যদি এমন হয়, তবে তিনি ব্যবস্থা নেবেন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ছিনিয়ে নেওয়া ক্যামেরা, মুঠোফোন ও পরিচয়পত্র ফেরত পাননি বলে জানিয়েছেন সিহাব আহমেদ।
মিরকাদিম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। দোষীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।