মিরকাদিমের সেই খালের পাড়ে ওয়াকওয়ে, মিনি পার্ক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালের পাড়ে নির্মিত মিনি শিশুপার্ক পরিদর্শন করেন মুন্সিগঞ্জ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আজ দুপুরে রিকাবীবাজার খাল এলাকায়
প্রথম আলো

মুন্সিগঞ্জের মিরকাদিমে অস্তিত্ব হারাতে বসা রিকাবীবাজার খালের দখল উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর খালের পাড়ে নির্মাণ করা হয়েছে হাঁটার রাস্তা (ওয়াকওয়ে) ও মিনি শিশুপার্ক। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ওয়াকওয়ে ও পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদির মিয়া, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার প্রমুখ।

রিকাবীবাজার খালটির দৈর্ঘ্য ১ কিলোমিটারের বেশি। এটি প্রায় ২০০ বছরের বেশি পুরোনো। ধলেশ্বরী নদীর কাঠপট্টি ঘাট থেকে এই খালের উৎপত্তি হয়। মিরকাদিম পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইছামতী নদীর সঙ্গে যুক্ত। কিন্তু পৌরসভা, দোকান ও বিভিন্ন বিপণিবিতানের আবর্জনা ফেলায় এবং দখলের কারণে খালটি অস্তিত্ব হারাতে বসেছিল।

মিরকাদিম খাল রক্ষা কমিটির সদস্যসচিব মাহফুজ আহমেদ বলেন, প্রশাসন খালের প্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদ করেছে। খালের পাড় ঘেঁষে রাস্তা নির্মাণ করছে। খাসজমিতে করেছে শিশুপার্ক। খালের আগের প্রবাহ ফিরে আসুক।

মুন্সিগঞ্জের জেলা প্রসাশক কাজী নাহিদ রসুল বলেন, ওয়াকওয়ে ও শিশুপার্ক নির্মাণের মাধ্যমে প্রাথমিক কাজ করা হয়েছে। খালের মধ্য থাকা পৌরসভার ময়লা পর্যায়ক্রমে ডাম্পিং স্টেশনে পাঠানো হবে। খালে ময়লা না ফেলার জন্য মাইকিং করা হবে। বর্ষার আগেই নান্দনিকতা বাড়াতে খালপাড়ে সুরক্ষাদেয়াল ও ব্লক দিয়ে বাঁধাই করা হবে।

এর আগে খালের করুণ অবস্থা নিয়ে ২০১৮ সালের জুলাই এবং ২০১৯ সালের জুনে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। তৎকালীন জেলা প্রশাসক শায়লা ফারজানা খালটি খনন ও দখল-দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানালেও বাস্তবে কোনো কাজ হয়নি।

চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি ‘ঐতিহ্য হারিয়েছে, অস্তিত্ব হুমকিতে’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ১৩ ফেব্রুয়ারি থেকে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও সদরের ইউএনও হাসিব সরকারের উদ্যোগে খালের সীমানা নির্ধারণ ও উচ্ছেদ শুরু হয়। খালপাড়ের খাসজমি উদ্ধার করে নির্মাণ করা হয় হাঁটার রাস্তা ও শিশুপার্ক।