মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মোস্তফা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার তিনজন হলেন মোস্তফা সওদাগর (৫৬), তাঁর স্ত্রী জোছনা আক্তার (৪৫) ও তাঁদের ছেলে আহমেদ হোসেন (২৫)। এ ঘটনায় পুলিশ নিহত মোস্তফা সওদাগরের বড় ছেলে সাদেক হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

এ হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন প্রথম আলোকে বলেন, মধ্যম সোনাপাহাড় এলাকায় এক পরিবারের তিনজন খুন হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।