মিরসরাইয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের মিরসরাইয়ে ইভ টিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। গতকাল রোববার রাতে এ দুটি মামলা হয়। মামলার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
মিরসরাই উপজেলা সদরে এক স্কুলছাত্রীকে টিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গতকাল কয়েক দফায় পৌর সদর ও দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছ হোসেনের অনুসারীদের মধ্যে সংঘটিত হামলায় পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হন। এ সময় একটি দোকান ও একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল, ভাঙচুর করা হয় আরও দুটি।
গতকাল রাতে করা একটি মামলার বাদী মিরসরাই পৌরসভার দক্ষিণ তালবাড়িয়া ওয়ার্ডের মো. সালমান হোসেন (২৮)। সালমান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অনুসারী। এতে ১ নম্বর আসামি করা হয় কাউন্সিলর মো. ইলিয়াছ হোসেনকে (২৯)। এ ছাড়া আরও ছয়জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। পুলিশ ইলিয়াছের অনুসারী এজাহারভুক্ত আসামি ইমতিয়াজ (২৪) ও সাইমুন হোসেন (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
অপর মামলাটি করেন সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামের মঞ্জুর হোসেন (২৩)। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছ হোসেনের অনুসারী। এতে ১ নম্বর আসামি করা হয় জাফর ইকবালকে (৩০)। এ ছাড়া এজাহারে আরও আটজনের নাম উল্লেখ করা হয়।
জানা যায়, গত শনিবার দুপুরে মিরসরাই সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের গেটে বহিরাগত এক যুবক স্কুলছাত্রীকে টিজিংয়ের চেষ্টা করলে জাফরের সমর্থক হাসান তাঁকে বাধা দেন। ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় ইলিয়াছের সমর্থক সাকিব ও রাজু গতকাল সকালে পৌর বাজারে একা পেয়ে হাসানকে মারধর করেন। এরপর হাসানও দলবল নিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, ইভ টিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরের সমর্থকেরা শনিবার রাতে কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এরপর গতকাল সকালে আবার হাসান নামের ছাত্রলীগের আরেক কর্মীকে মারধর করেন।
জাফর ইকবাল আরও বলেন, ‘ঘটনার দিন আমি অসুস্থ বোনকে নিয়ে ঢাকায় ছিলাম। তবু আমাকে মামলার আসামি করা হয়েছে।’
মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি এখন জনপ্রতিনিধি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আমি কোনোভাবেই যুক্ত নই।’
এ বিষয়ে জানতে চাইলে মামলা দুটির তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক রাজীব পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘এক স্কুলছাত্রীকে ইভ টিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গতকাল দিনভর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রাতে দুই পক্ষ আলাদা দুটি মামলা করেছে। মামলার পর ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছি আমরা। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’