মিরসরাইয়ে ঝরনা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। সকালে পাঁচ সহকর্মীসহ সেখানে বেড়াতে যান তিনি। ছবি তুলতে গিয়ে ওই দুর্ঘটনা বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।

নিহত ব্যক্তির নাম মো. আবু আলী আল-হুসাইন সিদ্দিকী (২৮)। তিনি বগুড়া পৌরসভার মালতী নগর এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। পেশায় স্থপতি আবু আলী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এক সঙ্গে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসা আবু আলীর সহকর্মী মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাসে করে তাঁরা চার সহকর্মী শুক্রবার সকালে মিরসরাই পৌঁছান। চট্টগ্রাম থেকে তাঁদের সঙ্গে আরেক সহকর্মী যোগ দেন। সকাল সাড়ে দশটার দিকে এই পাঁচজন ঝরনায় পৌঁছান। ঝরনার স্রোতের একটি অংশে শুয়ে ছবি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান আবু আলী। তখন সহকর্মীরা নিচে নেমে তাঁকে উদ্ধার করেন। পরে মিরসরাইয়ের ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুপুর ১২টার দিকে তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু আলীকে মৃত বলে ঘোষণা করেন।

বেসরকারি হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক আদনান মাহমুদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগে পথেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে এই মৃত্যু হতে পারে।

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘পর্যটকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিচয় সংগ্রহ করেছি। বগুড়ায় থাকা নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুজিয়ে দেওয়া হবে।’