মিরসরাইয়ে পিটিয়ে হত্যা: প্রধান আসামি কাউন্সিলর গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে পিটিয়ে তরুণ আজিম হোসেন (১৮) হত্যা মামলার প্রধান আসামি শাখের ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাখের মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিহত আজিম হোসেনের বাবা আবদুল বাতেন বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কাউন্সিলর মো. শাখের ইসলামকে প্রধান আসামি ও তাঁর অনুসারী মো. জাহেদ (৩২), মো. তারেক (২৮) ও মো. ফরিদের (২৮) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু–তিনজনকে আসামি করা হয়। পুলিশ জানায়, মামলার পর আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে মিরসরাই থানা-পুলিশ।
নিহত আজিমের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার হাছান গণিপুর এলাকায়। তাঁর বাবা আবদুল বাতেন মিরসরাই উপজেলায় একটি বেকারিতে ও সৎমা কাউন্সিলর শাখেরের বাসায় কাজ করতেন। আজিম মিরসরাই পৌর সদরের একটি আসবাবের দোকানে কাজ করতেন। গত শুক্রবার রাতে মিরসরাই পৌর সদরে কাউন্সিলর শাখেরের মালিকানাধীন একটি হাসপাতালের ছয়তলায় পিটিয়ে আহত করা হয় তাঁকে। শনিবার ভোরে বাড়ি নেওয়ার পথে গাড়িতে মারা যান আজিম হোসেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, আজিম হত্যার ঘটনায় তাঁর বাবার করা মামলার পর আসামি ধরতে অভিযান শুরু করে পুলিশ। এর মধ্যে মামলার প্রধান আসামি শাখের ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।