মিরসরাইয়ে শিল্পকারখানার গভীর নলকূপ বন্ধের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের মিরসরাইয়ে সোনাপাহাড় এলাকায় ভারি ইস্পাত শিল্পকারখানার গভীর নলকূপ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম ইস্পাত কারখানা গেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
বারিয়ারহাট পৌরসভার মেয়র মোহাম্মদ রেজাউল করিমের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় লোকজন জানান, মিরসরাইয়ে বিএসআরএমের ইস্পাত কারখানাসহ বেশ কিছু প্রতিষ্ঠান গভীর নলকূপ স্থাপন করে মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। এতে উপজেলার জোরারগঞ্জ, হিঙ্গুলী ইউনিয়ন ও বারিয়ারহাট পৌরসভার মানুষ তীব্র পানিসংকটে ভুগছে। এসব শিল্পপ্রতিষ্ঠান অতিরিক্ত পানি উত্তোলন করায় এসব এলাকার অনেক বাড়িতে এখন আর নলকূপে পানি উঠছে না। পানিসংকটের বিষয়টি নিয়ে নানা জায়গায় আবেদন–নিবেদন করেও কোনো ফল হয়নি।
এ বিষয়ে বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘কারখানায় ব্যবহারের জন্য আমরা শুধু ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করি না। বৃষ্টির পানি সংরক্ষণ, ট্যাংক লরির মাধ্যমে নদী থেকে পানি আনাসহ কিছু বিকল্প ব্যবস্থা আছে। শুধুই বিএসআরএমের জন্য স্থানীয় লোকজন পানি পাচ্ছেন না, কথাটি সত্য নয়। অনাবৃষ্টির কারণে এ মৌসুমে দেশের অনেক স্থানেই পানির সংকট হচ্ছে এবার।’
শিল্পকারখানার গভীর নলকূপ বন্ধের দাবিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়নের খিলমুরারী এলাকার নারী উজালবিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএসআরএমের কারখানা হওয়ার কিছুদিন পর থেকে আমাদের পানির সংকট শুরু হয়েছে। বাড়ির নলকূপে পানি উঠছে না। সরকার আমাদের পানির ব্যবস্থা করুক।’
মানববন্ধনে অংশ নিয়ে সাংসদ মোশাররফ হোসেন বলেন, ‘বিএসআরএম আমাদের কোনো কথাই রাখেনি। ফেনী নদী থেকে পানি এনে কারখানা চালানোর কথা ছিল তাদের। নানা অজুহাতে সে কথা রাখেনি তারা। নদী থেকে পানি না এনে কারখানায় গভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ পানি তুলে এলাকার মানুষকে বিপদে ফেলেছে। স্বল্প সময়ের মধ্যে এ কারখানা এখান থেকে সরিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে স্থানান্তর করতে হবে। প্রশাসনকে বলব, এর মধ্যে এ কারখানায় আর যাতে কোনো কাঁচামাল না ঢোকে।’
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, মানববন্ধন কর্মসূচিতে সাংসদ যেসব নির্দেশনা দিয়েছেন, তা মেনে চলতে বিএসআরএম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সেসব মেনে চলতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।