মিরসরাইয়ে শিশুদের জন্য বিদ্যালয় করলেন ইউপি চেয়ারম্যান
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের নলখো ত্রিপুরাপাড়ায় ২০০ পরিবারের বাস। এসব পরিবারের বিদ্যালয়ে যাওয়ার বয়সী শিশুর সংখ্যা প্রায় ১৮০। এত দিন পাড়ায় স্থায়ী কোনো বিদ্যালয় না থাকায় তাদের হেঁটে যেতে হতো পাঁচ কিলোমিটার দূরের করেরহাট ও অলীনগরের দুটি বিদ্যালয়ে।
ভালো রাস্তা না থাকায় বর্ষায় হাঁটার কষ্টে বিদ্যালয়ে যেত না অনেক শিশু। পাড়াটির শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার সে কষ্ট লাগব হয়েছে এবার। পাড়াটির শিশুদের জন্য নিজের টাকায় ৩২ শতাংশ জায়গার ওপর সাত কক্ষের আধা পাকা একটি বিদ্যালয় করে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন। মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেনের নামে ‘ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামের শিক্ষাপ্রতিষ্ঠানটি আজ শুক্রবার দুপুরে উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউর রহমান বলেন, পাহাড়ে বাঁশ–কাঠ কমে যাওয়ায় এসব সংগ্রহ করে ত্রিপুরাদের জীবন চালানো এখন কষ্টসাধ্য। তাই তাদের নতুন প্রজন্মকে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। আর করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন ওই বিদ্যালয় স্থাপন করে একটি মহৎ কাজ করেছেন।
বিদ্যালয় স্থাপনের বিষয়ে ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, ‘এই ইউনিয়নের নলখো ত্রিপুরাপাড়ার মানুষ শিক্ষায় অনগ্রসর। তার ওপর বিদ্যালয় অধিক দূরে হওয়ায় এ পাড়ার অনেক শিশু বিদ্যালয়ে যেত না। তাই এখানকার শিশুদের বিদ্যালয়ে যাওয়ার কষ্ট লাগব করতে জায়গার দামসহ ৮০ লাখ টাকা খরচে এই বিদ্যালয় স্থাপন করেছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী ত্রিপুরা বলেন, আমাদের বিদ্যালয়ে এখন শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১৫০ শিক্ষার্থী পাঠ নিচ্ছে। শ্রেণি কার্যক্রম পুরোদমে শুরু হলে এ সংখ্যা আরও বাড়বে।
বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি কমল ত্রিপুরা বলেন, ‘সরকারি হওয়ার সব শর্ত পূরণ করে বিদ্যালয়টি শুরু করা হয়েছে। দ্রুতই বিদ্যালয়টি সরকারীকরণের জন্য আবেদন করব আমরা।’
নতুন বিদ্যালয়টি সম্পর্কে জানতে চাইলে নলখো ত্রিপুরাপাড়ার এক অভিভাবক প্রেমমালা ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘আমার এক ছেলে আর দুই মেয়ে এ বিদ্যালয়ে পড়ে। আগে দূরত্বের কারণে বিদ্যালয়ে যেত না তারা। বিদ্যালয়টি তৈরি করে চেয়ারম্যান আমাদের অনেক বড় উপকার করলেন।’
আজ উদ্বোধন হলেও এ বছরের ১ জানুয়ারি থেকে শ্রেণি কার্যক্রম শুরু হয় এ বিদ্যালয়ে।