প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জনের নামে মামলার আবেদন গ্রহণ করে জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালও এই মামলার আসামি।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন। গত দেড় মাস আগে বাদী আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিএনপির মহাসচিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করে তদন্তের পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গত ২২ ডিসেম্বর জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। মামলায় শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে। অন্য আসামিরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, নুরে ইলিয়াস, এম রহমান, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর ও সাংবাদিক ইলিয়াস হোসেন।
বাদীপক্ষের আইনজীবী নুরুল হুদা প্রথম আলোকে বলেন, গত ২২ ডিসেম্বর মামলার আবেদন করা হয়েছিল। আদালত আজ বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য রেখেছিলেন।