মির্জাগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪
পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. সোহাগ হোসেন (৩০), মো. ইউনুচ আলী হাওলাদার (৩৪), মো. রাসেল হাওলাদার (৩২) ও মো. সুমন প্যাদা (৩০)। আহত ব্যক্তিদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘটকের আন্দুয়া গ্রামের রিয়াজ উদ্দিন সিকদারের সঙ্গে একই এলাকার করিম হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে রিয়াজ উদ্দিন সিকদারের উত্তরাধিকারী সোহাগ, ইউনুচ আলী ও রাসেল ওই জমিতে ঘর বানাতে গেলে করিম হাওলাদার ও তাঁর লোকজনের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। কথা–কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে।
হাসপাতালে চিকিসাধীন সোহাগ বলেন, ‘আমাদের দাদার জমিতে আমরা ঘর তুলতে গেলে সাবেক ইউপি সদস্য করিম হাওলাদার তাঁর দলবল নিয়ে দেশি ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আমি ছাড়াও ইউনুচ, রাসেল ও সুমন আহত হন।’
এ বিষয়ে করিম হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘বিরোধের ওই জমি নিয়ে সালিস বৈঠকের কথা চলছিল। সালিস বৈঠকের কথা অমান্য করে রিয়াজ উদ্দিনের উত্তরাধিকারীরা ঘর তুলতে গেলে আমার ছেলে ও ছোট ভাই বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে। আমি ক্রয়সূত্রে ওই জমির মালিক।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।