মির্জাগঞ্জে জেলেদের চালে ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে জেলেদের মানবিক সহায়তার ভিজিএফ কর্মসূচির চালে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যেক জেলেকে ২০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১৬ থেকে ১৭ কেজি। শনিবার উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) ঘটনাটি ঘটেছে।

কয়েক জেলের সঙ্গে কথা বলে জানা যায়, ইলিশ আহরণ নিষেধাজ্ঞাকালে গত অক্টোবর জেলেদের মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় কর্মহীন জেলেদের জন্য বরাদ্দ চাল চার মাস পর শনিবার বিতরণ করা হয়। চার মাস ধরে সেই চাল পড়ে ছিল ইউপির গুদামঘরে। এতে ঘাটতি দেখা দেয় জেলেদের বরাদ্দ চালে। সেই ঘাটতি মিটাতেই ওজনে কম দেওয়ার কথা স্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন উপজেলার বিভিন্ন নদ-নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ছিল। ওই সময় ইলিশ ধরা থেকে বিরত থাকা প্রতিটি পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের মাধ্যমে জেলেদের ২০ কেজি করে চাল বিতরণ করার কথা। ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ৬২৮ জেলে পরিবারের নাম তালিকাভুক্ত করা হয়। উপজেলার অন্যান্য ইউনিয়নে মানবিক সহায়তার চাল যথাসময়ে বিতরণ করা হলেও কাকড়াবুনিয়া ইউনিয়নে ২৬৮ জেলেদের তালিকায় কিছু গরমিল থাকায় এত দিন চাল বিতরণ করা হয়নি।

ক্ষতিগ্রস্ত কয়েক জেলে বলেন, ‘আমাদের ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দিয়েছে ১৬-১৭ কেজি করে। আমরা কিছু বলতে গেলে আমাদের ওপর ক্ষেপে ওঠেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিষদের মধ্যে ৫০ কেজির ১১৭ বস্তা চাল রয়েছে। এর অধিকাংশ বস্তাই ছেঁড়া, ফুটা ও প্রতিটিতে ওজনে কম। ওজন মাপার যন্ত্র ছাড়াই বালতি দিয়ে অনুমান করে চাল দিয়েছে, যা পরবর্তীকালে ওজন দিলে তিন-চার কেজি কম হচ্ছে।’

চাল কম পাওয়া সুখরঞ্জন সিকদার, সুদাংসু রায়সহ জেলেরা বলেন, ‘আমাদের চাল মাসের পর মাস চাল পরিষদে ফেলে রেখেছে। এই চাল দিয়ে এহন কী করমু।’

সংশ্লিষ্ট ইউপি সদস্যদের অভিযোগ, জেলেদের চাল বিতরণের বিষয়ে চেয়ারম্যান তাঁদের কিছু জানাননি। নবনির্বাচিত কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম বলেন, ‘এ চাল আগের চেয়ারম্যানের আমলে আনা। আমি শুধু বিতরণ করছি।’

কাকড়াবুনিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ওই সময় আমি চাল বিতরণ করতে চেয়েছি। কিন্তু ট্যাগ অফিসার বলছেন, নতুন চেয়ারম্যান বিতরণ করবেন। অনেক দিন চাল পড়ে থাকায় কিছু ঘাটতি হতে পারে।’

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘ চার মাস ধরে ইউপি গুদামে চালগুলো পড়ে ছিল। তাই ইঁদুর, পাখি খেয়েছে। এতে কিছু ঘাটতি হয়েছে। তাই তিন কেজি করে চাল কম দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘যে জেলেদের ওজনে কম দেওয়া হয়েছে, তাঁদের ডেকে আজই পুনরায় চাল দেওয়ার ব্যবস্থা করেছি।’ প্রকৃত জেলেদের তালিকায় কিছু গরমিল থাকায় চাল বিতরণে বিলম্ব হয়েছে।