মির্জাগঞ্জে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের
পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রলি উল্টে ওই ট্রলির নিচেই চাপা পড়ে চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ট্রলিচালকের নাম মো. হিরন (৫০)। তাঁর বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ট্রলিচালক মো. হিরন নির্মাণাধীন সুন্দ্রা কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পণ্য পরিবহনের জন্য পায়রা নদের পাড়ের বেড়িবাঁধের কাছে গেলে তাঁর ট্রলিটি উল্টে যায় এবং চালক ট্রলির নিচে চাপা পরে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলিটি সরিয়ে নিহত ট্রলিচালক হিরনের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য গাজী জাহিদুর রহমান বলেন, ট্রলিচালক হিরণ নির্মাণাধীন সুন্দ্রা মাধ্যমিক বিদ্যালয়ের ইট, বালু, সিমেন্ট পরিবহনের জন্য বেড়িবাঁধের ওপর দিয়ে পায়রা নদের পারে যাওয়ার সময় ট্রলিটি উল্টে যায় এবং তিনি ট্রলির নিচে চাপা পরেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্রলিচালক হিরনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।