মির্জাগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক প্রার্থীর স্ত্রী-ছেলেসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দেউলী সুবিদখালী ইউপির ২ নম্বর ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২৮ নভেম্বর এ ইউপিতে ভোট গ্রহণ হবে। স্থানীয় সূত্রে জানা যায়, ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. কবির জোমাদ্দার (মোরগ) ও মো. ইউসুফ আলী খান (তালা)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুবিদখালী বাজারের কাছে তাঁদের সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে। এ সময় ইউসুফ আলী খানের ছেলে মো. ইব্রাহিম, স্ত্রী মমতাজ বেগমসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মো. ফারুক জোমাদ্দার (৪৮), জালাল জোমাদ্দার (৩৫) ও ইব্রাহিমকে (২২) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহত মো. ইব্রাহিম (২৬) ও মমতাজ বেগমকে (৩৭) বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউসুফ বলেন, রাতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কবির জোমাদ্দার অবৈধভাবে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করেন। এ সময় তাঁর সমর্থকেরা তাতে বাধা দেন। এ সময় কথা–কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অপর দিকে কবির জোমাদ্দার বলেন, রাতে গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে তাঁর সমর্থকদের ওপর তালা প্রতীকের সমর্থকেরা অতর্কিত হামলা চালান।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ব্যাপারে কোনো (শুক্রবার দুপুর) লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।