মির্জাগঞ্জে রাতে বাড়িঘরে হামলা, দিনে শান্তিপূর্ণ ভোট

মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ–পূর্ব মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটাররাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। খুব সকালে শীতের কুয়াশা ভেদ করে প্রত্যন্ত এলাকার ভোটাররা ভিড় এড়াতে কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে।

তবে নির্বাচনের আগে গতকাল শনিবার রাতে মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ও মাধবখালী ইউনিয়নে পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মাধবখালী ও মজিদবাড়িয়া ইউনিয়নের ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। মজিদববাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার কিসলুর বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি মোটরসাইকেল ও একটি বসতঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন প্রার্থীর ভাই হারুন-অর-রশিদ। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ আনারস প্রতীকের লোকজন এ কাজ করেছেন। তিনি বলেন, রাত আনুমানিক ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালান ও তাঁদের দলীয় লোকজন ও কর্মী–সমর্থকদের পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভ্যানে চড়ে ভোটকেন্দ্রে আসছেন বৃদ্ধরা
ছবি: প্রথম আলো

এ ছাড়া ওই রাতে মাধবখালী ইউনিয়নে নৌকা ও ঘোড়া প্রতীকের দুই পক্ষের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মজিদবাড়িয়া ও মাধবখালী ইউনিয়নে কিছুটা উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলার মাধবখালী ও মজিববাড়িয়া থেকে চারজনকে আটক করা হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী, মির্জাগঞ্জ, আমড়াগাছিয়া, দেউলি সুবিদখালী, কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়াসহ ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১.২৫ মিনিট) কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩ হাজার ৭৯ জন। পুরুষ ৫২ হাজার ৮৫ জন এবং নারী ভোটার ৫০ হাজার ৯৯৪ জন।