মির্জাগঞ্জে শেষ মুহূর্তে বিদ্রোহী প্রার্থী ছিটকে পড়ায় নৌকার পালে হাওয়া
নির্বাচনী এলাকায় পোস্টার-ফেস্টুন ও ব্যানার সবই আছে। আর মাত্র এক দিন বাকি ভোট গ্রহণের। কিন্তু আইনি লড়াইয়ে হেরে শেষ মুহূর্তে ভোটে অংশ নিতে পারছেন না আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী। প্রচার-প্রচারণা শেষে মাত্র দুদিন আগে ভোট থেকে ছিটকে পড়লেন ওই প্রার্থী। তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর (নৌকা প্রতীক) সঙ্গে এখনো প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী (হাতপাখা প্রতীক)।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ঘটনা এটি। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ওই ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সুলতান আহম্মেদ। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবুল মল্লিক। তিনি আনারস প্রতীক নিয়ে শক্ত প্রতিপক্ষ হয়ে এত দিন নির্বাচনী মাঠে ছিলেন। কিন্তু মনোনয়নপত্রে একটি মামলার তথ্য গোপন করায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ৯ নভেম্বর বিদ্রোহী প্রার্থী বাবুল মল্লিকের প্রার্থিতা বাতিল করে। এর সঙ্গে সঙ্গেই নৌকার পালে হাওলা লাগে।
মনোনয়নপত্রে একটি মামলার তথ্য গোপন করায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ৯ নভেম্বর বিদ্রোহী প্রার্থী বাবুল মল্লিকের প্রার্থিতা বাতিল করে।
কিন্তু বিদ্রোহী প্রার্থী এলাকায় প্রচার-প্রচারণা অব্যাহত রেখে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। হাইকোর্টর বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে ১৬ নভেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষকে এ আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মে রুল জারি করেন। সেই সঙ্গে পুনরায় আনোয়ার হোসেন বাবুল মল্লিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এতে আবার আনারস প্রতীকের প্রচার-প্রচারণা সরগরম হয়ে ওঠে।
কিন্তু নৌকা প্রতীকের মো. সুলতান আহম্মেদ উচ্চ আদালতে পাল্টা আপিল করেন। আদালত পুনরায় বিদ্রোহী প্রার্থীর প্রার্থিতা বাতিল করলে নির্বাচনের মাত্র দুদিন আগে নির্বাচন থেকে ছিটকে পড়লেন বিদ্রোহী প্রার্থী।
এ ব্যাপারে নৌকা প্রতীকের মো. সুলতান হোসেন বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন বাবুল মল্লিক মনোনয়নপত্রে তথ্য গোপন করেছেন। তিনি ২০০৫ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি জামিনে মুক্ত রয়েছেন। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ স্থগিত করা হয়নি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নির্বাচনে অংশ নিতে পারেন না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমড়াগাছিয়া ইউপি নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না। মনোনয়নপত্রে তথ্য গোপন করায় তাঁর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।