মির্জাপুরে আমনের জমিতে বন্যার পানি, চিন্তায় কৃষক
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া ইউনিয়নের গ্রামনাহালী গ্রামের আবদুর রহমান এবার ৪২ শতক জমিতে আমন রোপণ করেছিলেন। হঠাৎ তাঁর জমিতে বন্যার পানি ঢুকেছে। তলিয়ে গেছে ধানগাছ। পানির কারণে গাছের নিচ থেকে পচন ধরে নষ্ট হয়ে যাওয়ার চিন্তায় চার দিন ধরে হতাশাগ্রস্ত তিনি। তাঁর মতো গ্রামটির অন্তত ৫০ একর জমিতে রোপা আমন ধানের চারা বুনেছিলেন কৃষকেরা, যা সম্পূর্ণ এখন পানির নিচে।
আবদুর রহমান বলেন, ‘পানি আইল না। মানুষে কইল গোছা দ্যাও। পানি অবো না। অহন পানি অইছে। সবকিছু তল গেল। আমাগো এহাবারে সর্বনাশ। অহন আল্লাহ যা করে।’
স্থানীয় লোকজন জানান, গ্রামনাহালী ছাড়াও আদাবাড়ী, ভাতকুড়া, পার্শ্ববর্তী বাসাইল উপজেলার শাকনাইচড়, কাজিরাপাড়া, হাবলাসহ আশপাশের অন্তত আটটি গ্রামের জমিতে গত শুক্রবার বিকেল থেকে হঠাৎ বন্যার পানি ঢুকতে থাকে। রোববার সকালে শুকনা আবাদি জমিগুলোর স্থানভেদে তিন থেকে পাঁচ ফুট উঁচু পর্যন্ত পানি ওঠে। এতে ধানগাছ পানিতে ডুবে যায়।
বন্যার পানির কারণে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৯ হেক্টর রোপা আমন ধান পানিতে ডুবে গেছে।
আজ বুধবার সরেজমিনে দেখা যায়, মির্জাপুরের কদিমধল্যা-ছাওয়ালী-বাসাইল সড়কের পূর্ব পাশে ভাতকুড়া ও আদাবাড়ী এলাকার জমিগুলো পানিতে ডুবে গেছে। চলতি ভরা বর্ষা মৌসুমে মাত্র ১৫ দিন আগেও ওই সব এলাকায় আবাদি জমিতে পানি না আসায় কৃষকেরা চিন্তিত ছিলেন। কারণ, আবাদি জমিতে বর্ষা মৌসুমে পানি না আসলে জমির উর্বরতা কমে। ওই সময় বাড়তি লাভের আশায় তাঁরা জমিতে রোপা আমন বোনেন।
কাজিরাপাড়া এলাকায় দেখা যায়, বিলপাড়া-কাঞ্চনপুর রাস্তায় ঝিনাই নদের পারের প্রায় ৬০ ফুট এলাকা পানিতে ডুবে গেছে। ওই অংশ দিয়ে প্রবল স্রোতে জমিগুলোতে পানি ঢুকছে।
পাশেই ছানোয়ার হোসেনের (৬০) বাড়ি। তিনি বলেন, নদের পাশে থাকা বিলপাড়া-কাঞ্চনপুর রাস্তাটি বেড়িবাঁধের মতো উঁচু করা প্রয়োজন। আর ওই স্থানের দক্ষিণ দিকে পানি যাওয়ার জন্য যতগুলো কালভার্ট ও পাইপ কালভার্ট ছিল, তার সব কটি ভরে গেছে। কেউ সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। এর ফলে দ্রুতই ওই এলাকার উঁচু জমিগুলোও পানিতে ডুবে যায়। আর নিচু জমি থেকে সহজেই পানিনিষ্কাশিত হয় না।
ছানোয়ার হোসেন বলেন, তিন বছর ধরে এ অবস্থা হচ্ছে। রোমা আমন ঘরে তুলতে পারছেন না। এ বছরও তিনি প্রায় ১৫ হাজার টাকা ব্যয় করে ১১২ শতক জমিতে ধান বুনেছিলেন। তাঁর সেচযন্ত্রের আওতায় প্রায় সাড়ে ৫ একর জমিতে কৃষকেরা ধান বুনেছিলেন, যা সম্পূর্ণ পানির নিচে ডুবে গেছে।
বাসাইল উপজেলার হাবলা পূর্বপাড়া গ্রামের আজাদ মান্নান বলেন, তিনি ১ একরের বেশি জমিতে ধান বুনছিলেন। তাঁর জমিসহ হাবলা এলাকার সব জমির ধান বর্তমানে প্রায় চার ফুট পানির নিচে ডুবে আছে।
আদাবাড়ী গ্রামের আবদুর রহিমের স্ত্রী আলেয়া বেগম বলেন, তাঁদের কোনো সম্পত্তি নেই। গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে এক একর জমি বর্গা নিয়ে তাতে তাঁরা রোপা আমন বুনেছিলেন। কিন্তু ধান পানিতে ডুবে যাওয়ায় তাঁর খুবই চিন্তিত।
ভাতকুড়া গ্রামের নিজাম উদ্দিন বলেন, তাঁদের গ্রামের কার্তিক, কুরবান, ছানা মিয়া, মন্টুসহ আরও অনেকে রোপা আমন বুনেছিলেন। সার, ধানের চারা, শ্রমিকের মজুরিসহ প্রতি ৫৬ শতক জমিতে কমপক্ষে ৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে। পানি দ্রুত না কমলে কৃষকদের সর্বনাশ হয়ে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, মির্জাপুরে এ বছর ৫ হাজার ৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। পানি না আসার কারণে কৃষকদের রোপা আমন বোনার উৎসাহ দেখে মনে হয়েছিল, লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি অর্জন হবে। এখনো সেই প্রত্যাশা রয়েছে। হঠাৎ বন্যার পানির কারণে মহেড়া ইউনিয়নের ভাতকুড়া, আদাবাড়ীসহ আশপাশের এলাকা, বহুরিয়া ইউনিয়নের গবড়, বহুরিয়া এলাকাসহ মির্জাপুরের বিভিন্ন এলাকার প্রায় ৯ হেক্টর রোপা আমন ধান পানিতে ডুবে গেছে। পানি ১০-১২ দিনের মধ্যে সরে গেলে ধানের তেমন ক্ষতি হবে না।